২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ভালো অবস্থায় ভারত

মঙ্গলবার ভারতের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২১৪ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশ। শতক করেছেন এড কাওয়ান। এর আগে বিরাট কোহলির শতকের সুবাদে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৯ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার ভারতের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ২১৪ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশ। শতক করেছেন এড কাওয়ান। এর আগে বিরাট কোহলির শতকের সুবাদে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৯ রানে। ক্যানবেরার মানুকা ওভালে স্বাগতিকদের ইনিংসের চতুর্থ বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে ভারতকে দারুণ সূচনা এনে দেন পেসার অভিমন্যু মিঠুন। তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান কাওয়ানের দৃঢ়তায় সভাপতি একাদশ ধাক্কাটা ভালোভাবেই সামলে ওঠে। উসমান খাজা, ফিলিপ হিউজ ও টম কুপারের সঙ্গে যথাক্রমে ৭৬, ৩৬ ও ৬৯ রানের তিনটি মূল্যবান জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যান কাওয়ান। খাজা ২৫, হিউজ ২০ ও কুপার ৩৮ রান করেন। কাওয়ানের ব্যাট থেকে আসে ১০৯ রানের এক চমৎকার ইনিংস। ১৫৪ বলের ইনিংসটি ১৬টি চার সমৃদ্ধ। ৫২ রানে ৪ উইকেট নেয়া রবিচন্দ্রন অশ্বিন ভারতের সেরা বোলার। এর আগে ৪ উইকেটে ১৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন শেষে অপরাজিত থাকা কোহলি শতক করলেও অন্য অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা মাত্র ৩ রানের জন্য অর্ধশতকের দেখা পাননি। ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ১৩২ রান করেন কোহলি। ভারতের আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেননি। ৭০ রানে ৬ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার জন হল্যান্ডই সেজন্য দায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৩ঘ.