২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে হবে: চিমা

ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের স্বীকার করে নিয়ে পাকিস্তানের পেসার আইজাজ চিমা বলেন, রোববার সকালে দ্রুত ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের স্বীকার করে নিয়ে পাকিস্তানের পেসার আইজাজ চিমা বলেন, রোববার সকালে দ্রুত ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিমা বলেন, “উইকেট থেকে সকালে আমরা বেশ সহায়তা পেয়েছি। কিন্তু পরের দিকে উইকেটের চরিত্র বেশ পাল্টে যায়। রোববার সকালে উইকেট থেকে আবারো একই ধরনের সহায়তা পাওয়া যাবে বলে আশা করছি।” “উইকেট দেখে মনে হয়েছে এখানে সঠিক জায়গায় বল ফেলা গেলে সাফল্য পাওয়া যাবে। আজকের (শনিবার) মতো কালকেও (রোববার) সকালে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে হবে,” যোগ করেন তিনি। প্রথম দিনে বাংলাদেশের যে পাঁচটি উইকেট পড়েছে তার সব কটি পেয়েছেন পেসাররা। চিমা নিয়েছেন তিনটি আর উমর গুল দুটি। নিজের বোলিং সম্পর্কে চিমা বলেন, “আমি ভালো লাইন-লেন্থে বল করার চেষ্টা করেছি। সঠিক জায়গায় বল করার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম।” ৪৩ রানে ৪ উইকেট হারালেও পঞ্চম উইকেটে সাকিব-নাফীস ১৮০ রান যোগ করে বাংলাদেশকে খেলায় ফেরান। এ সময় স্বাগতিকরা ভালো ব্যাটিং করেছেন বলে মনে করেন আইজাজ। তিনি বলেন, “চার উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। কিন্তু পঞ্চম উইকেটে তারা প্রচুর বল ছাড়ে। এ সময় তারা খেলে ‘সিঙ্গেলসের’ ওপর। বাজে বল থেকে বেশ কিছু চার আদায় করে নেয় তারা। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা মনযোগ ধরে রেখে খেলেছে বলে মনে হয়েছে।” আবেদন না করেও নাজিমউদ্দিনের আউট প্রসঙ্গে তিনি বলেন, “ওটা আম্পায়ারের সিদ্ধান্ত। আমি কেবল ভালো বল করার চেষ্টা করেছি। বাকিটুকু আম্পায়ারের ব্যাপার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০২৪ ঘ.