ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৯ রান করেছে তারা। এতে ২০৯ রানের লিড পেয়েছে দলটি।
মার্ক বাউচার ৪৯ ও ইমরান তাহির ২৪ রানে ব্যাট করছেন। দশম উইকেটে ৩৯ রান যোগ করেছেন তারা।
এর আগে ১ উইকেটে ৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কোনো রান যোগ করার আগেই নাইটওয়াচম্যান ডেল স্টেইন (০) রান আউট হয়ে গেলে দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
তৃতীয় উইকেটে হাশিম আমলার সঙ্গে ৩৫ রান যোগ করেন জ্যাক রুডলফ। দলীয় ১২৫ রানে থিসেরা পেরেরার বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন আমলা (১৮)।
এর পর বেশিক্ষণ টেকেননি রুডলফও (৪৪)। ১১ রান পরেই পেরেরার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। পঞ্চম উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস ৩৭ রান যোগ করে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ৩১ রান করে ক্যালিস চানকা ওয়ালেগেদারার বলে ম্যাথিউসের হাতে ধরা পড়লে খেলায় ফিরে শ্রীলঙ্কা। দলে রান তখন ১৭৩।
ষষ্ঠ উইকেটে ভিলিয়ার্স ও অ্যাশওয়েল প্রিন্স ৯৭ রান যোগ করে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। প্রিন্সকে (৩৯) কুশল সিলভার ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কার জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন ম্যাথিউস।
সপ্তম উইকেটে বাউচারের সঙ্গে আরো ৩৩ রান যোগ করেন ভিলিয়ার্স। দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেও হতাশা নিয়েই ফিরতে হয়েছে তাকে। মাত্র এক রানের জন্য শতক পাননি তিনি। ১৩৫ বলে ১২টি চারের সাহায্যে ৯৯ রান করেন তিনি।
এর পর দলকে প্রায় একাই টানছেন বাউচার। নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে বড় একটা সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে পেরেরা ৩ উইকেট নেন ১১৪ রানে।
এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ১৮০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১০ ঘ.
bdnews24