ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটসম্যানদের ব্যর্থতা নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটসম্যানরা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। ব্যাটিং-দুশ্চিন্তা
মাথায় নিয়েই শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
অনেক দিন ধরেই রানের মধ্যে নেই বাংলাদেশের ব্যাটসম্যানরা। দল এবং ব্যাটিং-সারিতে বেশ কয়েক বার পরিবর্তন এনেও কোনো লাভ হয়নি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে নাসির হোসেন ছাড়া আর কেউ তেমন রান পাননি। অবশ্য প্রথম টেস্টে অভিষিক্ত নাজিমউদ্দিনের ব্যাট যথেষ্ট দৃঢ়তা দেখিয়েছে।
দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর প্রথম টেস্টেও রানের দেখা পাননি। তাই উদ্বোধনী জুটিতে নাজিমের আত্মবিশ্বাসী ব্যাটিং আশার পরশ হয়ে এসেছে বাংলাদেশের জন্য।
অধিনায়ক মুশফিকুর রহিম নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন, সামর্থ্যরে ষাট শতাংশও খেলতে পারছেন না তারা। দ্বিতীয় টেস্টেও হার এড়ানোই তার লক্ষ্য। এবং সেজন্য ব্যাটসম্যানদের দিকেই তিনি তাকিয়ে।
চট্টগ্রাম টেস্টে ১ ও ০ রানের দুটি চরম ব্যর্থ ইনিংস খেলার মাশুল দিয়ে আবার বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল। তার জায়গায় ফেরা নাঈম ইসলামের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধৈর্যশীল ব্যাটিং মুশফিককে ভরসা যোগাতে পারে।
অধিনায়ক নিজেই অবশ্য এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ। শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থাও ভালো নয়। প্রত্যেককেই তাড়াহুড়ো না করে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।
প্রথম টেস্টে পাকিস্তান তাদের একমাত্র ইনিংসে বিশাল সংগ্রহ গড়লেও দলের বোলিং নিয়ে মুশফিক মোটামুটি সন্তুষ্ট। ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে পাকিস্তান অবশ্য ৫ উইকেটে ৫৯৪ রান করে ইনিংস ঘোষণা করতেও পারতো না।
চট্টগ্রাম টেস্টে ইলিয়াস সানি ৩ উইকেট পেলেও আরেক বাঁহাতি স্পিনার সাকিব কোনো সাফল্য পাননি। যদিও অফস্পিনার মাহমুদুল্ল¬াহর ভালো বোলিং বাংলাদেশের বড় প্রাপ্তি।
পেস আক্রমণ নিয়ে বাংলাদেশ কখনোই উচ্ছ্বসিত নয়। চোটের কারণে রুবেল হোসেনের দলের বাইরে চলে যাওয়া স্বাগতিকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আরো।
সমস্যায় ভারাক্রান্ত বাংলাদেশের ঠিক বিপরীত চেহারা পাকিস্তানের। সফরে সবগুলো ম্যাচ জিতে তারা এখন দারুণ আত্মবিশ্বাসী। সাঈদ আজমল, আব্দুর রেহমান ও মোহাম্মদ হাফিজকে নিয়ে গড়া অতিথিদের স্পিন আক্রমণ দারুণ শক্তিশালী। উমর গুল আর আইজাজ চিমার পেসও প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেয়নি।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। হাফিজ, তৌফিক উমর, আজহার আলী, ইউনুস খান, মিসবাহ-উল-হক, আসাদ শফিকদের মতো ব্যাটসম্যানদের সাজঘরে ফেরানো যে সহজ কাজ নয়, প্রথম টেস্টে তা হাড়ে-হাড়ে টের পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা!
পাকিস্তানের বিপক্ষে এর আগে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। হেরেছে সবগুলোতেই। শের-ই-বাংলা স্টেডিয়ামেও এর আগে স্বাগতিকরা ৭টি টেস্ট খেলেছে। এই ৭টির মধ্যে একটিতে ড্র করেছে। বাকি ছয়টিতেই হার। শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তান আগে কখনো টেস্ট খেলেনি। এটাই যদি মুশফিকদের অনুপ্রাণিত করতে পারে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৫ঘ.
bdnews24