ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো। সিলেটের বিপক্ষে চার জনের অর্ধশতকের সুবাদে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৬ রান। সিলেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১২৯ রানে অলআউট হওয়ার হতাশাকে পেছনে ফেলে ঢাকা মেট্রো আপাতত এগিয়ে ২৪২ রানে।
দিন শেষে অধিনায়ক মেহরাব হোসেন ৬৪ ও মার্শাল আইয়ুব ৫৭ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ১১৩ রান। মেহরাবের ১৪১ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও একটি ছক্কায়। মার্শালের ১১২ বলের ইনিংসে চারটি চার।
মঙ্গলবার সকালে বিনা উইকেটে ৪৭ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা মেট্রো। দলীয় ৬৮ রানে আবু জাহেদের বলে ফুরকান (৩৩) ইজাজ আহমেদের হাতে ক্যাচ দিলে প্রথম উইকেট হারায় তারা।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আরমানও (৩৪) বেশিক্ষণ টিকতে পারেননি। জাহেদের বলেই গোলাম মাবুদের হাতে ধরা পড়েন তিনি।
আসিফ আহমেদ ও শামসুর রহমানের দৃঢ়তায় এই জোড়া ধাক্কা ভালোভাবেই সামলে ওঠে অতিথিরা। দুজনের মধ্যে গড়ে ওঠা তৃতীয় উইকেট জুটি ১৫৫ রান উপহার দেয় দলকে। আসিফকে (৮২) বোল্ড করে সিলেটের জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন এনামুল হক জুনিয়র। ততক্ষণে অবশ্য ২৩৪ রান করে ফেলা ঢাকা মেট্রো ১০০ রানের লিড পেয়ে গেছে । আসিফের ১১৯ বলের ইনিংসে ১১টি চার।
এরপর মেহরাবের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে শামসুর যোগ করেন আরো ২৯ রান। শতক থেকে মাত্র ৭ রান দূরে থাকতে এনামুলের বলে বদলি ফিল্ডার নাবিল সামাদের হাতে ক্যাচ দেন শামসুর (৯৩)। তার ১৩৮ বলের চমৎকার ইনিংসে ছিলো ৯টি চার ও তিনটি বিশাল ছক্কা।
সিলেটের পক্ষে জাহেদ ও এনাম নেন দুটি করে উইকেট। এজন্য জাহেদ দেন ৫৮ রান। এনাম ১২৬।
প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ ২৬৩ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৫ঘ.
bdnews24