২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি শোচনীয় হার ও বাংলাদেশের উপলব্ধি

টানা তিনটি টেস্ট ও চারটি ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় লিগে আরো বেশি করে অংশ নেয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিনটি টেস্ট ও চারটি ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় লিগে আরো বেশি করে অংশ নেয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। সোমবার প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ১৮৪ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “প্রথম শ্রেণীর ক্রিকেটে না খেলে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে নামলে তার ফল খারাপ হবেই। এটা আমাদের জন্য বিশাল এক সমস্যা। “তাই আগামী মৌসুম থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার জন্য আমরা সবাই আন্তরিক। আমরা আসলে এখন টেস্ট খেলার চাপ নিতে পারছি না। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি-বেশি ম্যাচ খেললে আশা করি টেস্ট খেলতে আর সমস্যা হবে না,” যোগ করেন তিনি। বাংলাদেশের বোলিং নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে ভীষণ অসন্তুষ্ট মুশফিক। তিনি বলেন, “অনেকগুলো ক্যাচ ছাড়ার মাশুল দিয়েছি আমরা। জীবন ফিরে পেয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরাও বড় স্কোর গড়েছেন।” “প্রয়োগ-ক্ষমতা আরেকটু ভালো হলে আমরা আরো ভালো করতে পারবো। এই ম্যাচ থেকে এটাই আমাদের শিক্ষা। প্রথম ইনিংসে ২৫০ রান করতে পারলেও ম্যাচটা পঞ্চম দিনে গড়াতো। তাহলে প্রতিপক্ষ দ্রুত রান করতে গিয়ে ভুল করতো। আর আমাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও এতো সমস্যায় পড়তে হতো না। যাহোক, এই ম্যাচের অভিজ্ঞতা আমরা ঢাকা টেস্টে কাজে লাগানোর চেষ্টা করবো,” যোগ করেন তিনি। চট্টগ্রামেই টেস্ট অভিষিক্ত নাজিমউদ্দিনের অবশ্য ভীষণ প্রশংসা করেন অধিনায়ক মুশফিক। তিনি বলেন, “নাজিম ভাই অনেক ভালো খেলেছেন। অনেক দিন পর দলে ফেরায় তিনি এমনিতেই চাপের মধ্যে ছিলেন। পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের কারণে তার ওপরে আরো চাপ বেড়ে গিয়েছিলো। তবু সব মিলিয়ে দারুণ খেলেছেন তিনি।” “কয়েক বছর ধরেই জাতীয় লিগে তিনি ভালো খেলছেন। আমাদের ওপরের সারির ব্যাটিংয়ে বেশ সমস্যা হচ্ছিলো। তার ৭৮ রানের ইনিংসটি আমাদের চাপমুক্ত হতে সাহায্য করবে,” যোগ করেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত খেলার অভিজ্ঞতা টেস্টে কাজে লেগেছে বলে মনে করেন নাজিমউদ্দিন। তিনি বলেন, “প্রথম শ্রেণীর ক্রিকেট যতো বেশি খেলা যায় ততোই ভালো। আমার প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা টেস্টে কাজে লেগেছে।” হতাশ, শোকাচ্ছন্ন মুশফিকের ঠিক বিপরীত অবস্থা আনন্দে উদ্বেল মিসবাহ-উল-হকের। এ বছর নবম টেস্টে পঞ্চম জয় পাওয়ায় সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, “আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ইউনুস খান, আসাদ শফিক ও মোহাম্মদ হাফিজ বড় সংগ্রহ গড়তে দারুণ সাহায্য করেছেন দলকে।” “বোলাররা, বিশেষ করে আব্দুর রেহমান ও সাঈদ আজমল দারুণ বল করেছেন। আশা করি এই ধারাবাহিকতা পরের সিরিজগুলোতেও অব্যাহত থাকবে” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজে ভালো না করায় বাংলাদেশের ব্যাটসম্যানরা টেস্ট সিরিজেও চাপের মধ্যে রয়েছেন বলে মনে করেন মিসবাহ। তিনি বলেন, “বাংলাদেশের ব্যাটসম্যানরা এই টেস্টে বেশ চাপের মধ্যে ছিলেন। এটা আমাদের সুবিধা করে দিয়েছে। প্রথম ইনিংসে তারা অল্প রানে অলআউট হয়ে গেছে। ব্যাটিং সহায়ক পিচে কোনো দল কম রানে গুটিয়ে গেলে তাদের পক্ষে লড়াইয়ে ফেরা ভীষণ কঠিন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৩ঘ.