ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডগ ব্রেসওয়েলের মারাত্মক বোলিংয়ে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ রানের নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ২৬ বছর পর টেস্ট জিতলো তারা।
আর ১৯৯৩ সালে পর এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড। ৪০ রানে ৬ উইকেট নিয়ে এতে নেতৃত্ব দেন ব্রেসওয়েল।
এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হল।
বিনা উইকেটে ৭২ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য এদিন তাদের আর ১৬৯ রানে প্রয়োজন ছিলো। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার শতক করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় এদিন ১৬১ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তাদের মোট সংগ্রহ ২৩৩ রান।
বিফলে গেছে ওয়ার্নারের একার লড়াই। ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি। নিজের দ্বিতীয় টেস্টেই ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
দিনের শুরুতে কোনো রান যোগ না করেই সাজঘরের পথ ধরেন ফিল হিউজ (২০)। দ্বিতীয় উইকেটে উসমান খাজার (২৩) সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ওয়ার্নার। দলীয় ১২২ রানে বিদায় নেন খাজা।
তৃতীয় উইকেটে ওয়ার্নার ও পন্টিং (১৬) যোগ করেন ৩৭ রান। দলীয় ১৫৯ রানে পন্টিংকে বিদায় করার পর রানের খাতা খোলার আগে মাইকেল ক্লার্ক ও মাইক হাসির উইকেটও তুলে নেন ব্রেসওয়েল। ২ উইকেটে ১৫৯ থেকে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৫৯/৫।
ষষ্ঠ উইকেটে ব্র্যাড হ্যাডিনের সঙ্গে ৩২ রান যোগ করে এই ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ওয়ার্নার। দলীয় ১৯২ রানে হ্যাডিনকে (১৫) ফিরিয়ে দেন টিম সাউদি। দুই রান পর পিটার সিডলকেও (২) ফেরান তিনি।
পাঁচ রান পর আবারও আঘাত হানেন ব্রেসওয়েল। এবার রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের উইকেট ভেঙ্গে ফেলেন তিনি। তার আগে অবশ্য জেমস প্যাটিনসনকেও (৪) ফেরান ব্রেসওয়েল। ফলে ১৯২/৫ থেকে ১৯৯/৯ পরিণত হয় অস্ট্রেলিয়া।
দশম উইকেটে নাথান লিয়নের সঙ্গে ৩৪ রান যোগ অস্ট্রেলিয়ার আশা জাগিয়ে তুলেছিলেন ওয়ার্নার। কিন্তু লিয়নকে (৯) বোল্ড করে দলকে শ্বাসরুদ্ধকর ম্যাচে দারুণ এক জয় এনে দেন ব্রেসওয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১০৪১ ঘ.
bdnews24