ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যাওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশ দলের কোচ স্টুয়ার্ট ল। তার ধারণা, বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তার অভাব আছে।
শুক্রবার খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আবারও খুব খারাপ খেলেছে ছেলেরা। ভীষণ হতাশাজনক একটি দিন কাটলো আমাদের। আমাদের ব্যাটসম্যানরা একের পর এক বাজে শট খেলে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে এসেছে।”
“আউটের ধরণ দেখে মনে হতে পারে তাদের সমস্যা বোধহয় দক্ষতায়। তবে ব্যাপারটা তেমন নয়। ব্যাটসম্যানরা সবাই খুব মেধাবী। তাদের সমস্যা মূলত মানসিক। কেমন যেন একটা প্রতিবন্ধকতা কাজ করে ওদের মধ্যে। কেন এমন হচ্ছে তার ব্যাখ্যা করাও আমার জন্য কঠিন,” যোগ করেন তিনি।
তবে নাজিমউদ্দিন ও নাসির হোসেনের ব্যাটিংয়ে আশার আলো দেখছেন ল। তিনি বলেন, “অভিষেক টেস্ট হিসেবে নাজিম খুব ভালো খেলেছে। ভালো বলগুলো ছেড়ে দিয়েছে এবং বাজে বল থেকে রান করার চেষ্টা করেছে। আর নাসির তো রানের মধ্যেই আছে। আজ (শুক্রবার) তার ইনিংসটির মতো আরেকটি ইনিংসের দরকার ছিলো আমাদের।”
অবশ্য বাংলাদেশের হতাশাজনক ব্যাটিংয়ের পরও আশা ছাড়েননি ল। তিনি বলেন, “এখনই ম্যাচের ভবিষ্যত বলে দেয়ার সময় আসেনি। আগামীকাল (শনিবার) সকালে আমরা ঠান্ডা মাথায় খেলা শুরু করবো এবং যতো দ্রুত সম্ভব ওদের অলআউট করার চেষ্টা করবো।”
“যদিও ঘুরে দাঁড়াতো হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখনও এই ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে। একটি দল প্রথম ইনিংসে খারাপ করেও ম্যাচ জিতেছে, এমন নজিরও আছে টেস্ট ক্রিকেটে” যোগ করেন তিনি।
তবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সংকল্প ব্যর্থ করে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন আব্দুর রেহমান।
সংবাদ সম্মেলনে এই বাঁহাতি স্পিনার বলেন, “আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় দিন পুরো সময় ব্যাট করা। শনিবার আমাদের ব্যাটসম্যানরা চেষ্টা করবেন উইকেট ধরে রেখে যত বেশি সম্ভব রান করতে।”
দলের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন রেহমান। তিনি বলেন, “এখানকার পিচে উইকেট নেয়া সহজ নয়। বাংলাদেশ যে খারাপ খেলেছে তা-ও নয়। তবে আমরা ভালো বল করেছি। যতো দ্রুত সম্ভব উইকেট নেয়ার জন্য বল করেছি এবং তা কাজেও লেগেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৩ঘ.
bdnews24