ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের দিনে তিনি যে অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণ করলেন বীরেন্দর শেবাগ। অসাধারণ ব্যাটিং করে ওয়ানডের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিলেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ভেঙ্গে দিলেন নিজেরই প্রিয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের রেকর্ড।
টেন্ডুলকারের ২০০ রানকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ২১৯ রান করেন শেবাগ। ১৪৯ বলের দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিলো ২৫টি চার ও ৭টি ছক্কায়।
আইপিএলে খেলার সময় কাঁধে চোট পান শেবাগ। যে কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই দলে ফিরলেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি অর্ধশতকসহ করেন ২৪৫ রান। তবে ওয়ানডে সিরিজে তার ব্যাট ব্যর্থই ছিলো। প্রথম তিন ম্যাচে রান ছিলো ২০, ২৬ ও ০। কিন্তু হতাশা ঝেড়ে ফেলে পরের ম্যাচেই স্বরূপে ফিরলেন শেবাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৪ঘ.
bdnews24