ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের হয়ে খেলার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই ইরফান পাঠানের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দলে ডাক পেয়ে রোমাঞ্চিত বারোদার এই অলরাউন্ডার। নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে আছেন তিনি।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারত দলে খেলা হয়নি ইরফানের। মাঝে অবশ্য চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু দিন। এবার রঞ্জি ট্রফিতে নিজেকে প্রমাণ করেই ফিরেছেন তিনি। তিন ম্যাচে ২১ উইকেট নিয়ে তিনিই এখন শীর্ষ উইকেট শিকারী।
দুই বছরের বেশি সময় পরে দলে ফেরার পর নিজের প্রতিক্রিয়ায় ইরফান বলেন, “আমি সত্যিই খুব খুশি। আরেকটি সুযোগ দেয়ায় আমি সন্তুষ্ট। এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে অছি। আমি আমার সেরা চেষ্টাটাই করতে চাই।”
“দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন। এটা পূরণ হলে তুমি বুঝতে পারবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আরামদায়ক জীবন, বাড়ী-গাড়ী কোনো কিছুই এর কাছাকাছি আসতে পারে না,” যোগ করেন তিনি।
এবার আরো পরিণত ইরফাত। আত্মবিশ্বাস ধরে রাখতে চান তিনি। মাঠে পারফরম করেই নিজের জায়গা ধরে রাখার লক্ষ্য স্থির করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫০৫ ঘ.
bdnews24