২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দাপটের দিনে মিথুনের শতক

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলার প্রথম দিনে ছিলো বোলারদের দাপট। আর বোলারদের এই দাপটের দিনে খুলনার মোহাম্মদ মিথুন শতরান করে উজ্জ্বলতা দেখিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলার প্রথম দিনে ছিলো বোলারদের দাপট। আর বোলারদের এই দাপটের দিনে খুলনার মোহাম্মদ মিথুন শতরান করে উজ্জ্বলতা দেখিয়েছেন। সোমবার প্রথম দিনে চার ম্যাচে পড়েছে ৫৮ উইকেট। এর মধ্যে চট্টগ্রাম ও রংপুর একবার করে অলআউট হয়েছে। ঢাকা মেট্রোর আরাফাত সানি ৭ উইকেট নিয়ে দারুণ চমক দেখিয়েছেন । খুলনা-ঢাকা মেট্রো রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রো। প্রথমে ব্যাট করতে নেমে মিথুনের শতকের ওপর ভর করে খুলনা প্রথম ইনিংসে ২৫৬ রান করে। মিথুন ১০১ রান করেন ১৩৫ বলে খচর করে। ১৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে ইনিংসটাকে সাজান তিনি। এছাড়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৫৯ রান। ঢাকা মেট্রোর পক্ষে সানি ৭ উইকেট নেন ৪৯ রান খরচায়। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ১ উইকেটে করে ৪৬ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৩০ রানে ব্যাট করছেন। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ২১০ রানে পিছিয়ে আছে তারা। চট্টগ্রাম-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে মোটে ১২২ রান করে রংপুর। সর্বোচ্চ ৩১ রান আসে তারিক আহমেদের ব্যাট থেকে। চট্টগ্রামের পক্ষে নুর হোসেন মুন্না ৫ উইকেট নেন ৪০ রানে। জবাবে প্রথমে ইনিংসে ১১৮ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। সর্বোচ্চ ৩০ রান আসে নাফিস ইকবালের ব্যাট থেকে। রংপুরের পক্ষে আলাউদ্দিন বাবু ৪ উইকেট নেন ৪৯ রানে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে রংপুর। ১০ উইকেট হাতে নিয়ে ১০ রানে এগিয়ে রয়েছে তারা। রবিউল ইসলাম ৩ ও এসএম মোস্তাকিম ১ রানে ব্যাট করছেন। রাজশাহী-বরিশাল যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে জুনায়েদ সিদ্দিকের অর্ধশতকের পরও ২২২ রানে অলআউট হয় রাজশাহী। জুনায়েদ ৮৭ বলে সাতটি চারের সাহায্যে করেন ৫২ রান। এছাড়া যুবায়ের আহমেদ ৪৭ ও মুক্তার আলী ৩৮ রান করেন। বরিশালের পক্ষে সোহাগ গাজী ৫ উইকেট নেন ৭৫ রানে। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৭৪ রান করে বরিশাল। ৫ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে আছে তারা। জাভেদ ওমর বেলিম ২০ রানে ব্যাট করছেন। রাজশাহীর পক্ষে মুক্তার ৩ উইকেট নেন ২৯ রানে। সিলেট-ঢাকা ফতুল¬ার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ঢাকা প্রথমে ব্যাট করতে নামে। ব্যাট করতে নেমে ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১৭৫ রান করতে সক্ষম হয় দলটি। সর্বোচ্চ ৩৬ রান আসে নুরুল হোসেনের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মোহাম্মদ শরীফ করেন ৩৩ রান। সিলেটের পক্ষে রবিউল ইসলাম ৪ উইকেট নেন ৩৯ রানে। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ৭১ রান করে সিলেট। ৮ উইকেট হাতে নিয়ে দলটি পিছিয়ে আছে ১০৪ রানে। শাকের আহমেদ ১৭ ও রাজিন সালেহ ১৪ রানে ব্যাট করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমএইচ/২০৪১ ঘ.