ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কোনো পরিকল্পনা আপাতত নেই ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ানের। যদিও স¤প্রতি তিনি ওয়ানডে ক্রিকেট বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
এ সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারে সোয়ান বলেন, “একদিনের ক্রিকেট খেলে আমি কোনো মজা পাই না। আমার মনে হয়, টেস্ট ও টি-টোয়েন্টিই এগিয়ে নেবে ক্রিকেটকে।”
২০১২ সালে বিদেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ খেলবে ইংল্যান্ড। ফলে বছরের প্রায় ২৫০ দিন হোটেলে কক্ষেই ঘুমাতে হবে তাকে।
‘দ্য ডেইলি মিরর’ কে সোয়ান বলেন, “আমার মনে হয় আমরা বিদেশে অনেক বেশি খেলছি। বিশেষ করে আগামী শীতে ভারতে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ তো হাস্যকর।”
“কিন্তু আমি ওয়ানডে খেলা ছাড়ছি না। পুনরায় দলে ফেরার আগে আট বছর আমি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার অভাব খুবই বোধ করেছি। তাই আমার মনে হয় এখন যদি আমি ইচ্ছামত খেলতে শুরু করি তবে নিজেকে ক্ষমা করতে পারবো না,” যোগ করেন সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৩০ ঘ.
bdnews24