২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐচ্ছিক অনুশীলনেও ঘাম ঝরালো বাংলাদেশ

বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ১২টি ওয়ানডে ম্যাচে মাত্র তিন জয়। যদিও এই তিন জয়ের সবকটিই সিরিজ হার নিশ্চিত হওয়ার পর। পাকিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচটি হারলে আরো একটি সিরিজে হেরে যাবে তারা। কোনো ভাবেই তা ঘটতে দিতে না চাওয়া বাংলাদেশ তাই শুক্রবার ঐচ্ছিক অনুশীলনের দিনেও মাঠে কঠোর পরিশ্রম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। শেষ ১২টি ওয়ানডে ম্যাচে মাত্র তিন জয়। যদিও এই তিন জয়ের সবকটিই সিরিজ হার নিশ্চিত হওয়ার পর। পাকিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচটি হারলে আরো একটি সিরিজে হেরে যাবে তারা। কোনো ভাবেই তা ঘটতে দিতে না চাওয়া বাংলাদেশ তাই শুক্রবার ঐচ্ছিক অনুশীলনের দিনেও মাঠে কঠোর পরিশ্রম করেছে। বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা খুব ভালো না করলেও একবারে খারাপ খেলছেন না। প্রায় প্রতি ম্যাচেই তারা লড়াই করছেন। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজতে ৬১ রানে অলআউট ও পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও ভালো লড়াই করে তারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। তবে একেবারেই হতাশ করছেন ব্যাটসম্যানরা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়ার পর এবার পাকিস্তানের কাছে ৯১ রানে অলআউট হন তারা। কী কারণে এমন ব্যাটিং তার জবাব জানা নেই কারো। অধিনায়ক মুশফিকও স্বীকার করেছেন, ব্যাটসম্যানদের এতো খারাপ করার কারণ তারও জানা নেই। যদিও উইকেটের কারণে অন্য দলের ব্যাটসম্যানরাও কখনো কখনো খারাপ করে। কিন্তু ১৫০-১৬০ রান তুলে তারা বোলারদের অন্তত লড়াই করার পুঁজির যোগান দেন। শুক্রবার ব্যাটিং অনুশীলনেই বেশি সময় কাটিয়েছেন বাংলাদেশের খেলায়াড়রা। তবে নেটে তারা যেভাবে অনুশীলন করছেন মাঠে তা প্রয়োগ করতে পারছেন না বলেই মনে করছেন মুশফিক। বিশেষ করে বল নির্বাচনে ভুলের মাশুল হিসেবে আউট হতে হচ্ছে তাদের। মুশফিক চান ওই ভুল যেন শনিবারের ম্যাচে না করেন ব্যাটসম্যানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৩৬ ঘ.