ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ পর্বের প্রথম দিনে ইফতেখার নাঈমের শতকের সুবাদে সিলেটের বিপক্ষে ভালো অবস্থায় আছে বরিশাল। আর চার ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তায় ঢাকা মেট্রোর বিপক্ষে বড় সংগ্রহের পথে রংপুর।
বরিশাল-সিলেট
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাট করতে নেমে নাঈমের শতকের সুবাদে দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৫০ রান করেছে বরিশাল।
অধিনায়ক শাহিন হোসেন ৬৩ ও মনির হোসেন ৯ রানে ব্যাট করছেন।
চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২২৮ বলে ১৯টি চারের সাহায্যে ১৩২ রান করেন নাঈম।
৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বরিশালকে তিনি ও শাহিন মিলে টেনে তোলেন। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৮৮ রান।
সিলেটের পক্ষে তাপস বৈশ্য ও আবু জাহেদ ৩টি করে উইকেট নেন। এ জন্য তাপস দেন ৪২ রান। জাহেদ ৬৭।
রাজশাহী-ঢাকা
বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৩১ রানেই শেষ হয়ে যায় ঢাকার ইনিংস। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক মোহাম্মদ শরীফের ব্যাট থেকে। এছাড়া মোশারফ হোসেন ২৪ রান করেন।
রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৪ উইকেট নেন ৪১ রানে।
জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে রাজশাহীর সংগ্রহ ৩৯ রান। মিজানুর রহমান ২১ ও হামিদুল ইসলাম ১০ রানে ব্যাট করছেন।
ঢাকার পক্ষে মাহবুবুল আলম ২ উইকেট নেন ২২ রানে।
চট্টগ্রাম-খুলনা
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাট করতে নেমে অধিনায়ক নাজিমুদ্দিনের অর্ধশতকের পরও প্রথম ইনিংসে ২০০ রানে অলআউট হয় চট্টগ্রাম।
নাজিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৪ রান। তার ৮৮ বলের ইনিংসে ৭টি চার ও ২টি বিশাল ছক্কা। এছাড়া নাফিস ইকবাল ৩৪ রান করেন।
এক পর্যায়ে চট্টগ্রামের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪৪ রান। সেখান থেকে আর ৫৬ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারায় তারা।
খুলনার পক্ষে আলআমিন হোসেন ৫ উইকেট নেন ৫৩ রানে।
জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে খুলনার সংগ্রহ ৫৮ রান। এখনো ১৪২ রানে পিছিয়ে আছে তারা।
অধিনায়ক তুষার ইমরান ১৮ ও মোসাদ্দেক ইফতেখার ১৫ রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের পক্ষে কাজী কামরুল ২ উইকেট নেন ২১ রানে।
রংপুর-ঢাকা মেট্রো
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। ব্যাট করতে নেমে অধিনায়ক তারিক আহমেদের অর্ধশতকের সুবাদে দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেটে রংপুরের সংগ্রহ ৩০৪ রান।
তানভির হায়দার ৪৮ ও আরিফুল হক ৪১ রানে ব্যাট করছেন। এই জুটি এখন পর্যন্ত ৮৪ রান যোগ করেছে।
যদিও উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলামের ৪৫ রানের পরও মাত্র ৭১ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিলো রংপুর। ধীমান ঘোষও মাত্র ৪ রান করে আহত হয়ে মাঠ ছাড়লে চাপ আরো বাড়ে।
ওই অবস্থা থেকে দলকে টেনে তোলেন তারিক ও মাহমুদুল হাসান (৩৭)। এই জুটি দলের সঙ্গে যোগ করে ১১৬ রান।
দলীয় ১৮৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তারিক করেন ৮৫ রান। তার ১১৪ বলের ইনিংসে ১২টি চার।
মাহমুদুল হাসান করেন ৩৭ রান।
ঢাকা মেট্রোর পক্ষে তাসকিন আহমেদ ৫১ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১৩ ঘ.
bdnews24