২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না মহসিন খান

পরিসংখ্যান, কাগজে-কলমের হিসাব এবং শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও এ নিয়ে একটুও উচ্ছ্বসিত নন মহসিন খান। পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে একদমই হালকাভাবে নিচ্ছেন না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিসংখ্যান, কাগজে-কলমের হিসাব এবং শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে থাকলেও এ নিয়ে একটুও উচ্ছ্বসিত নন মহসিন খান। পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে একদমই হালকাভাবে নিচ্ছেন না তারা। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারেই খেলার মোড় ঘুরে যেতে পারে। তাই আমি দলের প্রত্যেককে বলেছি তারা যেন কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে না নেয়।” বাংলাদেশের চেয়ে নিজেদের এগিয়ে রাখতেও রাজি নন মহসিন। তিনি বলেন, “আমি জানি তাদের অনেক ভালো ক্রিকেটার আছেন। অনেকেই সা¤প্রতিক সময়ে ভালো খেলেছেন। দলটি একটু-একটু করে উন্নতি করছে।” “ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তাদেরকে হারাতে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে,” যোগ করেন তিনি। পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “ক্রিকেটে প্রতিটি দিনই নতুন। প্রতিপক্ষকে সহজভাবে নেয়া হলে হেরে যাওয়ার আশঙ্কা থাকেই। আমরা সত্যিই বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ ভাবছি না।” স্পট ফিক্সিং কেলেঙ্কারিসহ নানা বিতর্কে গত বছর একদমই ভালো কাটেনি পাকিস্তানের। এ বছর অবশ্য ভালোই খেলছে তারা। এর কারণ হিসেবে মহসিন বলেন, “দলের প্রত্যেকে নিজের শতভাগ উজাড় করে দিয়ে খেলছেন।” “আমরা পরিষ্কারভাবে ক্রিকেটারদের জানিয়ে দিয়েছি, দলে থাকতে হলে অবশ্যই সেরাটা ঢেলে দিতে হবে। সেই সঙ্গে শৃঙ্খলা-বিরোধী কর্মকাণ্ড থেকেও দূরে থাকতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৫ঘ.