২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মুশফিক

পাকিস্তান যে ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ তা নিয়ে তার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে নিজেদেরও দুর্বল মনে করেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়কের দৃঢ় বিশ্বাস, ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দিতে পারলে মঙ্গলবারের টোয়েন্টি টোয়েন্টিতে স্বাগতিকদের পক্ষে জয় পাওয়াও সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান যে ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ তা নিয়ে তার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে নিজেদেরও দুর্বল মনে করেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়কের দৃঢ় বিশ্বাস, ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দিতে পারলে মঙ্গলবারের টোয়েন্টি টোয়েন্টিতে স্বাগতিকদের পক্ষে জয় পাওয়াও সম্ভব। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দিতে পারলে এবং আমরা তা ধরে রাখতে সক্ষম হলে ফল আমাদের দিকে আসার সম্ভাবনাই বেশি।” স¤প্রতি শ্রীলঙ্কাকে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হারানোর সুবাদে পাকিস্তান এখন মানসিকভাবে দারুণ উজ্জীবিত। প্রতিপক্ষের শক্তিমত্তা নির্দ্বিধায় মেনে নিলেও ছেড়ে কথা বলতে রাজি নন মুশফিক। তিনি বলেন, “পাকিস্তান অবশ্যই ভালো দল। শক্তির বিচারে তারা যে আমাদের চেয়ে অনেক এগিয়ে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এখানে তাদের সব কিছু নতুন করে শুরু করতে হবে।” “আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আমাদের হারানো সহজ হবে না। তা যে কোনো ফরম্যাটেই হোক না কেন। এই আত্মবিশ্বাস আমাদের প্রত্যেকেরই আছে,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক। । তামিম ইকবালের চোট নিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন গুঞ্জন চলছিলো। তবে এ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান মুশফিক। তিনি বলেন, “তামিম তিন/চার দিন ধরে ভালো মতোই অনুশীলন করছেন। তিনি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।” ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে একদমই উচ্ছ্বসিত নন মুশফিক। তিনি বলেন, “ঘরের মাঠে খেলার যতো সুবিধাই থাকুক না কেন, ভালো খেলতে না পারলে তো কোনো লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ সিরিজে আমরা তেমন ভালো খেলতে পারিনি।” তবে বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলেই মনে করেন মুশফিক। তিনি বলেন, “বড় দলের সঙ্গে খেলার সময় সম্মানজনক হারের লক্ষ্য নিয়ে মাঠে নামতাম আমরা। তবে এখন দলের মধ্যে এই ধরনের মানসিকতা নেই। প্রতিপক্ষ পাকিস্তান বা অস্ট্রেলিয়া যে-ই হোক না কেন, আমরা এখন প্রতিটি ম্যাচই জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামি।” “তবে আমার ধারণা পাকিস্তানের বিপক্ষে অতীতে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের সেরাটা খেলতে পারেননি। ব্যক্তিগতভাবে কেউ হয়তো ভালো খেলেছেন। তবে দলগতভাবে আমরা ভালো খেলতে পারিনি। এবার আমরা সেটাই করতে চাই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৪ঘ.