ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে সিরিজ সহজ হবে না বলেই মনে করছেন সফরকারী পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। দেশের মাটিতে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ খুব ভালো একটি দল এবং এখন তারা ভালো ক্রিকেট খেলছে। নিজেদের মাটিতে চেনা কন্ডিশনে তারা শক্ত প্রতিপক্ষ।”
প্রায় একই মত দলের কোচ মহসিন খানেরও। খেলোয়াড় হিসেবে বাংলাদেশ সফরের অভিজ্ঞতাও রয়েছে তার।
মহসিন বলেন, “ঘরের মাটিতে বাংলাদেশ দুর্দান্ত একটি দল। তাদেরকে আমরা কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছি। কোনো সন্দেহ নেই তাদেরকে হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”
“সফর কঠিন হবে তবে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি,” যোগ করেন তিনি।
বাংলাদেশের নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে ভাবছে না পাকিস্তান। এ বিষয়ে মিসবাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ক্রিকেট এগারো জনের খেলা। একজন বা দুজনকে নিয়ে আলাদাভাবে ভাবার কোনো অর্থ হয় না। পুরো দল নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে।”
নিজের দলের মূল্যায়ন করতে গিয়ে মিসবাহ বলেন, “ব্যাটিংয়ে আমাদের আরো ধারাবাহিক হতে হবে। ফিল্ডিং নিয়েও আমরা বেশ ভুগছি। এনিয়ে অনেক অনুশীলন করেছি, তবে এখনো উন্নতির অনেক সুযোগ রয়েছে। বোলাররা ভালো করছেন তবে কখনো কখনো তাদের বোলিং ততটা সুশৃঙ্খল থাকে না। তাদের কাছ থেকে ধারাবাহিকভাবে সুশৃঙ্খল বোলিং চাইবো আমি,” যোগ করেন তিনি।
সা¤প্রতিক যে কোনো সময়ের চেয়ে দলে ঐক্য এখন সবচেয়ে বেশি বলে মনে করেন মিসবাহ। তিনি বলেন, “আমরা একটি পরিবারের মতো রয়েছি। দলের সবাই ভালো ক্রিকেট খেলছে। প্রত্যেকেই জানেন তার দায়িত্ব কী। প্রত্যেকে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট।”
তিন ফরম্যাটেই পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন মিসবাহ। এ ব্যাপারে তিনি বলেন, “দেশকে নেতৃত্ব দেয়া দারুণ অভিজ্ঞতা এবং আমি তা বেশ উপভোগ করছি। ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের প্রত্যোক খেলোয়াড়ের কাছ থেকে দারুণ সহায়তা পাচ্ছি।”
“কোন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্ব যা পালনে আমি সব সময়ই সচেষ্ট,” যোগ করেন তিনি।
ইউনুস খান, শহিদ আফ্রিদি ও শোয়েব মালিক এই তিন সাবেক অধিনায়কের উপস্থিতি তার জন্য আরো সহায়ক হয়েছে বলে মনে করেন মিসবাহ। তাদের অভিজ্ঞতা তার কাজে লাগছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩৮ ঘ.
bdnews24