২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই অবসরের কথা ভাবছেন না পন্টিং

তার অবসর নিয়ে কিছু দিন ধরেই গুঞ্জন চলছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। কিন্তু রিকি পন্টিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনো পরিকল্পনা তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার অবসর নিয়ে কিছু দিন ধরেই গুঞ্জন চলছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। কিন্তু রিকি পন্টিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনো পরিকল্পনা তার নেই। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, “আমি অবশ্যই আরো খেলতে চাই। আমি সত্যিই খেলাটা উপভোগ করি আর সব সময় করবোও।” “অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত একটি দলের অংশ হয়ে থাকা দারুণ ব্যাপার। আরো কিছু দিন এই দলটির সঙ্গে জড়িয়ে থাকতে চাই। আশা করি দলের সাফল্যে কিছুটা হলেও অবদান রাখতে পারবো,” যোগ করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও গত অগাস্টে নির্বাচকের দায়িত্ব থেকে অপসারিত গ্রেগ চ্যাপেলও পন্টিংকে আরো কিছু দিন জাতীয় দলে দেখতে আগ্রহী। তিনি বলেন, “আমি তাকে এখনই অবসর নিতে দেখতে চাই না। অস্ট্রেলীয় দলের পুনর্জাগরণে তারও বড় অবদান আছে। তার মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে উপেক্ষা করা যায় না। আমি বরং তাকে আরো কিছু দিন সময় দিতে চাই।” অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও এখনই পন্টিংকে বাদ দেয়ার পক্ষপাতী নন। তিনি বলেন, “আমাদের দলে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় আর নেই। আমাদের সাফল্যে তার বিশাল অবদান। নেটে রিকিকে (পন্টিংকে) ব্যাট করতে দেখেছি। তিনি ভালোই করছেন। তবে বাস্তবতা হলো দলে জায়গা নিশ্চিত করতে হলে তাকে আরো ভালো খেলতে হবে।” এ বছর ওয়ানডেতে বেশ ভালো খেললেও টেস্টে পন্টিংয়ের অবস্থা মোটেও ভালো নয়। ১৮টি ওয়ানডেতে একটি শতক ও তিনটি অর্ধশতক সহ ৪০.২৬ গড়ে ৬০৪ রান করেছেন তিনি। কিন্তু ৪ টেস্টের ৮ ইনিংসে ২৪.২৫ গড়ে তার মোট রান ১৯৪, অর্ধশতক মাত্র একটি, শতক নেই। যদিও তার একমাত্র অর্ধশতকটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়ে বড় অবদান রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫১ঘ.