২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দল থেকেও আশরাফুল বাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাননি। শুক্রবার ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পাননি। শুক্রবার ঘোষিত হয়েছে ১৫ সদস্যের দলটি। ২৯ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টিতেও অংশ নেবে এই দলটি। তবে শাহরিয়ার নাফীসকে শুধু ওয়ানডে সিরিজের জন্যই দলে রাখা হয়েছে। আশরাফুল উপেক্ষিত হলেও তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। ২০০৮ সালের সেপ্টেম্বরে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ঐ বছরের ২০ এপ্রিল, পাকিস্তানের বিপক্ষে করাচিতে। ২০০৮ সালে ভারতের বিতর্কিত টি-টোয়েন্টি আসর আইসিএলে যোগ দেয়া ফরহাদকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছিলো বিসিবি। তবে তার পরের বছর প্রতিযোগিতাটিই বিলুপ্ত হয়ে গেলে বাংলাদেশের আরো কয়েক জন ক্রিকেটারের মতো তার শাস্তিও বাতিল হয়ে যায়। ওয়ানডেতে আশরাফুল সর্বশেষ অর্ধশতক করেছিলেন গত বছরের জানুয়ারিতে। এর পর থেকে ১৮ ম্যাচে তার গড় মাত্র ১০.১১। সর্বোচ্চ ৩১ রান। অবশ্য কয়েক দিন আগে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে শতক করেন আশরাফুল। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক বছরেরও বেশি সময় পর শতকের দেখা পেলেও নির্বাচকদের মন গলাতে পারেননি। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নেয়া ইলিয়াস সানিও আছেন পাকিস্তানের বিপক্ষে ঘোষিত দলে। জ্বরের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিও ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। সুস্থ হয়ে ওঠায় বাংলাদেশের সহ-অধিনায়কও দলে ফিরেছেন। আশরাফুল ছাড়া বাদ পড়েছেন সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোম চৌধুরী। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্ল¬াহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইলিয়াস সানি, ফরহাদ রেজা ও শাহরিয়ার নাফীস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫০ঘ.