২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ানডে’ মর্যাদা ধরে রাখতে চান সালমারা

একদিনের ও টি-টোয়েন্টি খেলার মর্যাদা নিশ্চিত করায় খুশিতে ভেসে যাননি বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা। তবে তা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ও টি-টোয়েন্টি খেলার মর্যাদা নিশ্চিত করায় খুশিতে ভেসে যাননি বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা। তবে তা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। তিন মাসের চুক্তিতে বাংলাদেশে আসেন কোচ মমতা মাবেন। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য পূরণ না হলেও একদিনের খেলার মর্যাদা পাওয়ায় প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “একদিনের খেলার মর্যাদা পাওয়ায় এখন অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলো। দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল কাজ এখন থেকে শুরু হলো।” “বিসিবিকে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটারদের খুঁজে বের করার উপর নজর দিতে হবে। ঘরোয়া ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে হবে,” যোগ করেন তিনি। কখনো কখনো খারাপ খেললেও সার্বিকভাবে মেয়েরা ভালো ক্রিকেট খেলছে বলে মনে করেন মমতা। তিনি বলেন, “ক্রিকেট বেশ এগিয়েছে। মেয়েরা কঠোর পরিশ্রম করছে।” খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন বেশি করে ক্রিকেট খেলার জন্য মেয়েদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “ভালো করতে হলে অনেক মেয়েকে খেলতে হবে। ‘ওয়ানডে’ মর্যাদা পাওয়ায় এখন খেলার জন্য অনেকে আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করছি।” লতা মণ্ডল বলেন, “আমাদের জন্য একটা মাঠ খুব দরকার। ভালো করতে হলে আমাদের বেশি করে ম্যাচ খেলতে হবে।” প্রায় একই বক্তব্য ম্যাচ সেরা খাদিজা তুল কোবরারও। তিনি বলেন, “আমরা ধীরে ধীরে উন্নতি করছি। তবে ভালো করতে হলে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হবে।” দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র দলের কোচ হিসেবে কাজ করছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিন সিং। উপমহাদেশের পরিবেশে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে অভিহিত করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের এই পরিচিত মুখ বলেন, “বাইরের ‘কন্ডিশনে’ বাংলাদেশ কেমন খেলে সেটা দেখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে যে কোনো পরিবেশে ভালো খেলতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম/এএনএম/টিআর/১৫২৬ ঘ.