ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।
মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর এশিয়ার চতুর্থ দল হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এই মর্যাদা ধরে রাখতে হলে বছরে অন্তত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বাংলাদেশের।
মেয়েদের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো ভবিষ্যত সফর সূচি না থাকায় ম্যাচ বা সিরিজ আয়োজনে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই (বিসিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৪৪ ঘ.
bdnews24