২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পাকিস্তান

নেদারল্যান্ডসকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পাকিস্তান। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতাও অর্জন করেছে তারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ৬ রানে হারিয়ে প্রতিযোগিতায় নবম হয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পাকিস্তান। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতাও অর্জন করেছে তারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ৬ রানে হারিয়ে প্রতিযোগিতায় নবম হয়েছে জাপান। পাকিস্তান-নেদারল্যান্ডস ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তিন জনের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ২৭৭ রান করে পাকিস্তান। জবাবে ৩৭ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ডাচদের ইনিংসে সর্বোচ্চ ২২ রান আসে ক্যারি-অ্যান টমলিনসনের ব্যাট থেকে। ডেনিস হান্নেমা ১৬ রান করেন। এ দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন বিসমাহ মারুফ ও নিদা দার। এ জন্য বিসমাহ দেন ১৩ রান। নিদা ১৫। এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে এসথার লেনসারের বলে হেলমেইন রামবাল্ডোর হাতে ক্যাচ দেন পাকিস্তানের কানিতা জলিল (৮)। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক সানা মীর ও নিদা ৯৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যান। অর্ধশতক থেকে ১ রান দূরে থাকতে লেনসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সানা (৪৯)। এরপর বিসমাহর সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন নিদা। দলীয় ১৫৮ রানে বিদায় নেন নিদা (৫৭)। তার ৯৮ বলের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা। চতুর্থ উইকেটে বিসমাহ ও জাভেরিয়া খানের মধ্যে গড়ে ওঠে ১১৭ রানের জুটি। শেষ ওভারের পঞ্চম বলে লিওনি বেনেটের বলে লেনসারের হাতে ক্যাচ দেন জাভেরিয়া (৬৭)। তার ৫৩ বলের ইনিংসে ৮টি চার। বিসমাহ অপরাজিত থাকেন ৬৬ রানে। ৬৯ বলের ইনিংসটি সাজানো ৮টি চারে। নেদারল্যান্ডসের পক্ষে লেনসার ২ উইকেট নেন ৪৯ রানে। জিম্বাবুয়ে-জাপান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় জাপান। প্রতিযোগিতায় এটাই তাদের সর্বোচ্চ রান। জাপানের পক্ষে অধিনায়ক এমা কুরিবায়াশি ৪৭ ও মারিকো ইয়ামামোতো ৩৮ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩১ রান। জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক শ্যারন মায়ার্স ও প্রিউইলিফগফ চারুমবারিয়া দুটি করে উইকেট নেন। জবাবে পুরো ৫০ ওভার খেললেও ৮ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩২ রান আসে মডেস্টার মুপাচিকবার ব্যাট থেকে। এছাড়া শিনিকিবি এমপোফু ১৬ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৬ঘ.