ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা চতুর্থ দিনের মতো আলোকস্বল্পতার কবলে জোহানেসবার্গ টেস্ট। তাই রোববারও খেলা শেষ হলো বেশ আগেই। দ্বিতীয় ও শেষ টেস্টের রোমাঞ্চে অবশ্য ভাটা পড়েনি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। অর্থাৎ শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ১৬৮ রান। আর দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পর ৩১০ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসনকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ভারনন ফিল্যান্ডার।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজও (১১) ফিল্যান্ডারের শিকারে পরিণত হলে ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা।
তবে উসমান খাজা ও রিকি পন্টিংয়ের দৃঢ়তায় বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
দুজনেই অর্ধশতক করে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন। তবে শেষ বিকালে খাজাকে (৬৫) ফিরিয়ে দেন ইমরান তাহির। তাই ভেঙ্গে যায় খাজা ও পন্টিংয়ের ১২২ রানের জুটি।
এর কিছুক্ষণ পরই আলোক স্বল্পতার কারণে খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। তখন পন্টিং ৫৪ ও মাইকেল ক্লার্ক ১ রানে অপরাজিত।
এর আগে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে অভিষিক্ত প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আর মাত্র ৩ রান করে কামিন্সের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়েন।
১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ৭৩ রান করেন ডি ভিলিয়ার্স।
এরপর অ্যাশওয়েল প্রিন্সকে (২) পন্টিং রান আউট করলে ২৪৯/৫-এ পরিণত হয় স্বাগতিকরা।
তবে তার আগেই সিরিজে নিজের দ্বিতীয় শতকে পৌঁছে যান আমলা। কিন্তু শতক করার পর পরই সাঝঘরের পথ ধরেন তিনিও। চতুর্দশ টেস্ট শতক করা আমলার ২৪৩ বলে খেলা ১০৫ রানের ইনিংসে ১৪টি চার।
দলীয় সংগ্রহে আর ৬ রান যোগ হওয়ার পর আউট হয়ে যান মার্ক বাউচারও (১৩)। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৭ উইকেটে ২৬৬ রান।
তবে ফিল্যান্ডার ও ডেল স্টেইন অষ্টম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করলে তিন শ পার হয় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ বেলায় শুধুই কামিন্সের ঝলক। ফিল্যান্ডার (২৩) ও মরনে মরকেলকে (০) টানা দুই বলে ফিরিয়ে অভিষেক টেস্টেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এই ফাস্ট বোলার। সেটা না হলেও স্টেইনকে আউট করে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ৩৩৯ রানে শেষ করে দেয়ার কৃতিত্ব তারই।
তিনটি ছক্কা ও দুটো চারের সাহায্যে ৪১ রান করেন স্টেইন।
৭৯ রানে ৬ উইকেট নিয়ে কামিন্সই অস্ট্রেলিয়ার সেরা বোলার। ৫৭ রানে ২ উইকেট নেন নাথান লিওন।
দুই ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৩ঘ.
bdnews24