২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ৩০ রানে এগিয়ে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম পালায় অস্ট্রেলিয়া ৩০ রানে এগিয়ে গেছে। সব উইকেট হারিয়ে ২৯৬ রান করে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম পালায় অস্ট্রেলিয়া ৩০ রানে এগিয়ে গেছে। সব উইকেট হারিয়ে ২৯৬ রান করে দলটি। স্বাগতিকরা প্রথম পালায় করে ২৬৬ রান। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেই চমৎকার ভিত্তি রচনা করে দেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ফিলিপ হিউজ। তারা যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল দিনটি নিজের করে নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু দলীয় ১৭৪ রানের মাথায় হিউজ ও ১৯২ রানের মাথায় ওয়াটসন সাজঘরে ফিরে যাওয়ার পর পাল্টে যায় খেলার চিত্র। দু'জনই করেন ৮৮ রান। হিউজ তার ১১১ বলের ইনিংসটি সাজান ১৪টি চার দিয়ে। আর ওয়াটসন ১৪০ বল খেলে সীমানার ওপারে বল পাঠান ১৪ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে পাঠান দু'বার। এরপর আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও মাঝের সারির ব্যাটসম্যানদের সবাই শুরুটা ভালোই করেন। কিন্তু নিজেদের ইনিংসকে কেউ বড় করতে পারেননি। শেষের দিকে কেবল মিচেল জনসনের ব্যাট থেকে আসে ৩৮ রান। শেষ পর্যন্ত সঙ্গী না পাওয়ায় তাকেও সাজঘরে ফিরে যেতে হয় অপরাজিত ব্যাটসম্যান হিসেবে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ৪ উইকেট নেন ৬৪ রানে। এছাড়া ৫৫ রানে ৩ উইকেট নেন ইমরান তাহির। দ্বিতীয় পালায় দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও জ্যাক রুডলফ মাত্র চার বল খেলার সুযোগ পান। কিন্তু হিসেবের খাতা খুলতে পারেননি কেউ। আলোর অভাবের কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২০৬ ঘ.