ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ গড়াপেটা নিয়ে আইসিসির দুর্নীতি দমন শাখার সাবেক প্রধান পল কনডনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
কনডন জানান, নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই টেস্ট ও বিশ্বকাপের ম্যাচগুলো প্রায় নিয়মিতভাবে গড়াপেটা হতো। বেশ কয়েকটি দলই গড়াপেটার সঙ্গে জড়িত ছিলো। ঐ দলগুলোর বেশির ভাগই যে ভারতীয় উপমহাদেশের ছিলো সে ব্যাপারেও তিনি নিঃসন্দেহ।
সিএ'র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আচরণ বিধির উপর সিএ'র এক কর্মকর্তা রব ও'রিগানের দেয়া ১৯৯৯ সালের প্রতিবেদনে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাদারল্যান্ড বলেন, "নব্বইয়ের দশকে দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ওই সময় দুর্নীতির বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট পর্যালোচনা ব্যবস্থা চালু করেছিলো। যাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দুর্নীতি থেকে দূরে রাখা যায়।"
"তিনি (ও'রিগান) বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। যেখানে তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাননি। আমি জানি না লর্ড কনডনের ওই ধরণের বক্তব্যের কারণ কী," যোগ করেন তিনি।
সাদারল্যান্ড জানান অস্ট্রেলিয়ার ক্রিকেট কখনোই ম্যাচ গড়াপেটার সমস্যায় আক্রান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৯ঘ.
bdnews24