ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিখ্যাত ক্রিকেট লেখক ও ধারাভাষ্যকার পিটার রুবাকের রহস্যজনক মৃত্যুর তদন্তে তার ব্যবহৃত ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
যুক্তরাজ্যের 'দ্য সান' পত্রিকা জানিয়েছে, রুবাকের ল্যাপটপে থাকা সমস্ত তথ্য তার করুণ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে পারে।
এছাড়া রুবাক ও অন্য এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে সব ওয়েবসাইটে যাওয়া হয়েছিলো সেগুলোর ওপরেও লক্ষ্য রাখা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, "ল্যাপটপটি থেকেই এই করুণ ঘটনার পেছনের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে পুলিশ নিশ্চিত। যন্ত্রটির 'হার্ডডিস্ক ড্রাইভ' পরীক্ষা করে দেখা হচ্ছে।"
রিপোর্টে আরো বলা হয়েছে, যৌন নিপীড়নের অভিযোগ তদন্তকারী কেপটাউন পুলিশের সঙ্গে আগেই কথা বলেছিলেন রুবাক। কিন্তু মৃত্যু বিষয়ক তথ্য-উপাত্ত সম্পর্কে অন্তত আগামী এক মাস কোনো কিছু না জানানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশ ।
অস্ট্রেলিয়ার চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ফেয়ারফ্যাক্স মিডিয়া ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রতিনিধি হয়ে দক্ষিণ আফ্রিকায় যান ৫৫ বছর বয়সী রুবাক। গত শনিবার কেপটাউনে স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে হোটেল কক্ষের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৬ঘ.
bdnews24