ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রস্তুতির জন্য ১৫ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্পে ডাক পেয়েছেন চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠা মাশরাফি বিন মর্তুজা।
চট্টগ্রামে ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে।
গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন মাশরাফি। তারপর অস্ট্রেলিয়ায় যান হাঁটুর অস্ত্রোপচারের জন্য। এখন প্রায় সুস্থ হয়ে ওঠা মাশরাফিকে ফিজিওর অনুরোধে অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক আকরাম খান।
অনুশীলন ক্যাম্প সম্পর্কে আকরাম বলেন, "এটা চূড়ান্ত দল নয়। ক্যাম্প শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য দল গড়বো।"
"বাংলাদেশ 'এ' দল ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। পাকিস্তানের সঙ্গে সিরিজের জন্য দল গড়ার সময় ঐ দলের খেলোয়াড়দেরও বিবেচনা করা হবে,"যোগ করেন তিনি।
আকরাম বলেন, "আমাদের মনে হয়েছে কারো-কারো ম্যাচ অনুশীলনের প্রয়োজন। তাই তাদের অনুশীলন ক্যাম্পে না রেখে জাতীয় লিগে খেলার সুযোগ দেয়া হয়েছে।।"
২৬ নভেম্বর বাংলাদেশে আসছে পাকিস্তান। সফরে তারা একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।
অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্ল¬াহ, অলক কাপালী, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, ইলিয়াস সানি ও মাশরাফি বিন মর্তুজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৫ঘ.
bdnews24