২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে ভালো অবস্থানে সিলেট ও ঢাকা

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ পর্বের খেলার প্রথম দিনে শতক পেয়েছেন খুলনার আনামুল হক। আর দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সিলেট ও ঢাকা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ পর্বের খেলার প্রথম দিনে শতক পেয়েছেন খুলনার আনামুল হক। আর দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সিলেট ও ঢাকা বিভাগ। ২ নভেম্বর তৃতীয় পর্বের খেলা শেষে ১২টি পর আবারো প্রতিযোগিতাটি শুরু হলো। ঢাকা-চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের প্রথম ইনিংস। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ঢাকার সংগ্রহ ১১০ রান। সৈকত আলী ৩০ ও তৈয়বুর পারভেজ ৫ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া রনি তালুকদার ৪৩ রান করেন। চট্টগ্রামের পক্ষে আমীর খান ২ উইকেট নেন ৩২ রানে। এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক নাজিমুদ্দিনের ব্যাট থেকে। এছাড়া নাফিস ইকবাল ৩০ ও ইয়াসিন আরাফাত ২৩ রান করেন। ঢাকার পক্ষে মোশারফ হোসেন ৪ উইকেট নেন ৩৮ রানে। রংপুর-বরিশাল বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে নাঈম ইসলামের অর্ধশতকের সুবাদে প্রথম দিন শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান। নাঈম ৬০ ও ধীমান ঘোষ ৩৪ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে তারা ৭২ রান যোগ করেন। নাঈম তার ১৯৯ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। এছাড়া লিটন কুমার ৩০ রান করেন। বরিশালের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন। সিলেট-ঢাকা মেট্্েরা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। নাদিফ চৌধুরীর অর্ধশতকের সুবাদে প্রথম দিন শেষে ২৬ রানে এগিয়ে রয়েছে সিলেট। প্রথম ইনিংসে এ পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৪৪ রান। নাদিফ ৬৫ ও অধিনায়ক অলক কাপালি ২৬ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া ইমতিয়াজ হোসেন ৩৭ রান করেন। ঢাকা মেট্রোর পক্ষে তিনজন বোলার একটি করে উইকেট নেন। এর আগে ৯ উইকেটে ১১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। এনাম ৫ উইকেট নেন ৩৭ রানে। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মেহরাব হোসেন জুনিয়র। এছাড়া আসিফ আহমেদ করেন ১৯ রান। রাজশাহী-খুলনা যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আনামুল হকের শতকের সুবাদে ৯ উইকেটে ২৭৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। আনামুল তার ১১৩ বলের ইনিংসটি সাজান ১৮টি চার ও ১টি বিশাল ছক্কা দিয়ে। এছাড়া সোম্য সরকার ৫২ রান করেন। তার ৭১ বলের ইনিংসে ৭টি চার রয়েছে। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম ও মুক্তার আলী ৩টি করে উইকেট নেন। এজন্য দুজনই দেন ৬০ রান করে। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ২১ রান করেছে রাজশাহী। এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে তারা। মিজানুর রহমান ৯ রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক ফরহাদ হোসেন এখনো রানের খাতা খোলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৩ ঘ.