২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মমতা মাবেন

মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে স্বাগতিকদের সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশের কোচ মমতা মাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে স্বাগতিকদের সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলাদেশের কোচ মমতা মাবেন। 'বি' গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও জাপান। এর মধ্যে প্রথম তিনটি দলেরই ওয়ানডে মর্যাদা আছে। বাংলাদেশ যে কঠিন গ্র"পে পড়েছে তা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন মমতা মাবেন। তবু সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, "আমাদের ব্যাটসম্যানদের ১৮০ বা তার কাছাকাছি রান করার সামর্থ্য আছে। শ্রীলঙ্কা সফরেও তারা এরকম রান করেছেন।" "যদিও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমাদের ব্যাটিং খুবই বাজে হয়েছে। তবে আমি আশাবাদী, এই টুর্নামেন্টে আমরা লড়াই করার মতো রান করতে পারবো," যোগ করেন বাংলাদেশের কোচ। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে অন্য চেহারার বাংলাদেশ দলকে দেখা যাবে বলে মনে করেন মমতা মাবেন। তিনি বলেন, "আমাদের ব্যাটিং লাইন আপে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ওপরের দিকের দুই-একজন অনেক দিন ধরেই রান পাচ্ছেন না। তাদের বদলে অন্য কাউকে নেয়া হতে পারে।" "আশা করি পাকিস্তানের বিপক্ষে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে পারবো," যোগ করেন তিনি। বাংলাদেশের বোলিংকেই প্রধান অস্ত্র বলে মনে করছেন কোচ। তিনি বলেন, "আমাদের বোলিং বেশ শক্তিশালী। তবে শক্তির বিচারে পেসারদের চেয়ে স্পিনারদের একটু এগিয়ে রাখতে হবে।" "আমাদের লক্ষ্য চূড়ান্ত পর্বে উত্তরণ। এই লক্ষ্য পূরণে আয়ারল্যান্ড ও জাপানকে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তানের যে কোনো একটি দলকে হারাতেই হবে," যোগ করেন তিনি। মমতা মাবেনের ধারণা এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে শক্তিশালী দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৪ঘ.