ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব বিতর্ককে পেছনে ফেলে দেশের হয়ে খেলায় মনযোগ দিতে চান 'অস্থায়ী' অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দলে ফিরতে পেরে তিনি দারুণ খুশি।
অধিনায়কত্ব হারানোর পর গত মে মাসে 'শর্ত সাপেক্ষে' আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেই অবসর থেকে ফেরার কথাও জানান ৩১ বছর বয়সী আফ্রিদি।
পিসিবি সভাপতি হিসেবে জাকা আশরাফ দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই জাতীয় দলে ফেরার কথা ঘোষণা করেন ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক।
'ডেইলি টাইমস'কে আফ্রিদি বলেন, "যা হওয়ার তা হয়ে গেছে। এখন শুধু খেলার সময়। তাই এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সব কিছু মিটে গেছে আর আমি এখানে (দুবাইয়ে) এসেছি খেলতে।"
"নিঃসন্দেহে আমি পাকিস্তানের হয়ে খেলতে না পারার দুঃখ অনুভব করেছি। পাকিস্তানের হয়ে খেলাটাই আমার কাছে প্রথম অগ্রাধিকার। সৌভাগ্যক্রমে আমি শুধু দুটি সফরে যেতে পারিনি। যাহোক, এখন আবার দলে ফিরেছি। দলে ফেরাই আমার লক্ষ্য ছিলো," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৯ঘ.
bdnews24