ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তার আইনজীবীরা।
লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সালমানকে ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়।
গত বছরের অগাস্টে লর্ডস টেস্টের কিছু অংশ 'ফিক্স' করার সঙ্গে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তিন ক্রিকেটার বাট, পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং তাদের এজেন্ট মাজহার মাজিদকে দোষী সাব্যস্ত করা হয়। আসিফ, আমির ও মাজিদকে কারাদণ্ড দেয়া হয়, তবে বিভিন্ন মেয়াদে।
পাকিস্তানের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়, বাটের রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করা হয়েছে। কখন আপিলের শুনানি হবে, এখন তা জানার অপেক্ষায় আছেন বাটের আইনজীবীরা।
বাটকে অপেক্ষাকৃত কম কঠোর কারাগারে স্থানান্তর করারও আবেদন করা হয়েছে বলে ওয়েবসাইটটি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24