ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার টি-টোয়েটি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন শেন ওয়ার্ন। একই সঙ্গে দলকে বিজয় উপহার দেয়ার মতো খেলোয়াড় হিসেবেও নিজেকে অভিহিত করেন তিনি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিগ ব্যাশ লিগে খেলার জন্য মেলবোর্ন স্টার্সে সই করার কথা নিশ্চিত করে লেগ স্পিনার বলেন, এখনো 'সুপারস্টার' হওয়ার মতো সামর্থ্য তার আছে।
তার নিজের ভাষায়, "আমি যদি এভাবে চিন্তা না করি, তাহলে তা করে দেখাতে পারবো না।"
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ওয়ার্ন। তিনি বলেন, "আমি আইপিএলেও খেলতে পারি।"
ওয়ার্ন শেষ টেস্ট খেলেছেন ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। পাঁচ ম্যাচের সিরিজের সব খেলাতেই জেতে অস্ট্রেলিয়া। তবে এ বছরের প্রথম দিকেও আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেন তিনি।
গত কয়েক মাসে ওয়ার্ন প্রায় ১২ কিলোগ্রাম ওজন কমিয়েছেন। এই বিষয়টির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছি। তাই যে কোনো ধরনের পরিশ্রমের কাজ আমি করতে পারবো।"
দলের হয়ে মোট নয়টি খেলার (ফাইনাল ও সেমিফাইনালসহ) সবগুলোতে খেলতে চান ওয়ার্ন। তিনি বলেন, এই মৌসুম (২০১১-২০১২) ভালোভাবে গেলে মেলবোর্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন তিনি।
বিগ ব্যাশে ওয়ার্ন প্রথম ম্যাচ খেলবেন ১৭ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৭ ঘ.
bdnews24