২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করবেন আসিফ

'স্পট ফিক্সিং' মামলায় দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে আপিল করবেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে আপিল করবেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। এর আগে বৃহস্পতিবার সালমান বাট ও মোহাম্মদ আমিরের আইনজীবীরা জানান, তারাও তাদের মক্কেলের হয়ে আপিল করবেন। তবে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে নয়, তারা আপিল করবেন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে। প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ হওয়ায় লন্ডনের একটি আদালত গত মঙ্গলবার আসিফকে দোষী সাব্যস্ত করে। দু'দিন পর তাকে ১২ মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করা হয়। বাটকে কারাদণ্ড দেয়া হয় ৩০ মাসের, আমিরকে ৬ মাসের এবং তাদের এজেন্ট মাজহার মাজিদকে দেয়া হয় ৩২ মাসের। আসিফের আইনজীবীদের একজন জানান, "কারাদণ্ডাদেশের বিরুদ্ধে নয়, আমরা আপিল করার পরিকল্পনা করছি দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে।" কেননা তারা মনে করছেন, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসিফকে দোষী সাব্যস্ত সম্ভব নয়। সাতদিনের মধ্যে আপিল করা হবে বলে ধারণা করা হচ্ছে। আপিল করে যদি দেখা যায় যে আসিফকে দোষী সাব্যস্ত করার মতো তথ্য-প্রমাণ জুরিদের কাছে আছে, তাহলে আইনজীবীরা কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন না। কেননা দোষী সাব্যস্ত হলে এই দণ্ডাদেশই আসিফের প্রাপ্য বলে তারা মনে করছেন। বিচারে এটিই প্রমাণ হয়েছে যে, গত বছর লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে একটি নো-বল করেন আসিফ। দুটি নো-বল করার কথা স্বীকার করেন আমির। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন সেই টেস্টের অধিনায়ক সালমান বাট। অভিযোগ অস্বীকার করেছেন আসিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৯ ঘ.