২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো তথ্য ফাঁস করে দেবো: আমির

দুর্নীতি সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা না দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়ী করেছেন তরুণ পেসার মোহাম্মদ আমির। একই সঙ্গে আরো তথ্য ফাঁস করে দেয়ার কথাও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা না দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়ী করেছেন তরুণ পেসার মোহাম্মদ আমির। একই সঙ্গে আরো তথ্য ফাঁস করে দেয়ার কথাও বলেছেন তিনি। 'স্পট ফিক্সিং' মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের পেসার আমিরকে ছয় মাসের জন্য পাঠানো হয়েছে তরুণ অপরাধীদের রাখার জন্য তৈরি করা 'ডিটেনশন সেন্টারে'। আর কারাগারে পাঠানো হয়েছে সাবেক টেস্ট অধিনায়ক সালমান বাটকে ৩০ মাসের জন্য। ১২ মাসের জন্য পাঠানো হয়েছে আরেক পেসার মোহাম্মদ আসিফকে। গত বছরের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে 'নো-বল' বল করার জন্য বাট, আসিফ ও আমিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রতারণার ষড়যন্ত্র ও অবৈধভাবে অর্থ নেয়ার। দুর্নীতির পরিণতি সম্পর্কে খেলোয়াড়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আমির। লন্ডনের আদালতে বিচারের সময় বাট ও আসিফ তার সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়ায় আমির ক্ষোভও প্রকাশ। বলেন, "তারা আমার সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। সময় হলে এই মামলা সম্পর্কে আমি সবকিছু প্রকাশ করে দেবো।" 'স্পট ফিক্সিং' মামলায় নিজের ভূমিকার জন্য ক্ষমা চাইতে গিয়ে আমির বলেন, "যা করেছি ও যা ঘটেছে, সে জন্য আমি ক্ষমা চাইছি। আমার কর্মের জন্য আমি এখন কেবল দেশবাসী ও ক্রিকেট-ভক্তদের কাছে ক্ষমাই চাইতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৮ ঘ. .