২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার এড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রাখলেন তামিম-মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ়তায় হার এড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিমের দৃঢ়তায় হার এড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। পঞ্চম দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন বাকি সাতটি উইকেট। আর বাংলাদেশের ৩৪৪ রান। তামিম ৮২ ও মুশফিক ৩৩ রানে ব্যাট করছেন। তামিম তার ১৪৯ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছয় দিয়ে। যদিও ১০ রানে একবার জীবন পান তিনি। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ৪০ রান যোগ করেছেন তামিম ও মুশফিক। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ২৬ রানে ফিদেল এডওয়ার্ডসের বলে কার্ক এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস (৯)। পরে টিভি রিপ্লে¬তে দেখা যায় বল একবার মাটিতে আঘাত করে কার্কের হাতে জমা পড়েছে। দ্বিতীয় সেশনের শেষ ওভারের প্রথম বলে ড্যারেন স্যামির বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন শাহরিয়ার নাফীস (১৮)। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন তিনি। তৃতীয় উইকেটে রকিবুল হাসানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তামিম। স্যামুয়েলসের বল রকিবুলের (১৭) ব্যাটের উপরের কানায় লেগে উইকেটরক্ষক কার্লটন বাফের প্যাডে লেগে স্লি¬পে ড্যারেন স্যামির তালুবন্দি হয়। এর আগে ৫ উইকেটে ৩৮৩ রান তোলার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫০৭ রান। প্রথম ইনিংসে ১২৪ রানে এগিয়ে ছিল সফরকারীরা। ৩ উইকেটে ২০৭ রান নিয়ে মঙ্গলবার দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হারিয়ে আরো ১৭৬ রান করে তারা। এর মধ্যে প্রথম সেশনে 'নাইটওয়াচ ম্যান' কেমার রোচকে হারিয়ে ১০২ রান যোগ করে তারা। দলীয় ২৪০ রানে রোচকে (১২) ফিরিয়ে দিয়ে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন সোহরাওয়ার্দী শুভ। এর পর ড্যারেন ব্র্যাভো ও শিবনারায়ন চন্দরপলের সাবলীল ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় বড় সংগ্রহ। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ১৪৩ রান। ড্যারেন ব্র্যাভোর প্রথম দ্বিশতকের অপেক্ষায় ছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। তবে মাত্র পাঁচ রানের জন্য নিজের প্রথম শতককে দ্বিশতকে পরিণত করতে পারেননি ব্রাভো। সোহরাওয়ার্দী শুভকে ছক্কা মেরে ১৯৫ রানে পৌঁছান ব্রাভো। পরের বলও উড়িয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের উপরের কানায় লেগে জমা পড়ে মুশফিকের হাতে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন স্যামি। ব্রাভো তার ২৯৭ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ৫টি ছয় দিয়ে। শিবনারায়ন চন্দরপল অপরাজিত থাকেন ৫৯ রানে। তার ৭৯ বলের ইনিংসে ৬টি চার রয়েছে। বাংলাদেশের পক্ষে শুভ ৩ উইকেট নেন ৭৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৪২ ঘ.