২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মাকে শতক উৎসর্গ করলেন ব্রাভো

বাংলাদেশ সফরের শুরু থেকে একদমই ভালো খেলতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত সফরের শেষ ইনিংসে এসে জ্বলে ওঠা ড্যারেন ব্রাভো শতকের আনন্দে অধীর। জীবনের প্রথম টেস্ট শতক বাবা-মাকে উৎসর্গ করলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরের শুরু থেকে একদমই ভালো খেলতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত সফরের শেষ ইনিংসে এসে জ্বলে ওঠা ড্যারেন ব্রাভো শতকের আনন্দে অধীর। জীবনের প্রথম টেস্ট শতক বাবা-মাকে উৎসর্গ করলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান। সোমবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে এসে ব্রাভো বলেন, "আজ ভীষণভাবে মা-বাবার অনুপস্থিতি অনুভব করেছি। তারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। এই শতক আমি তাদেরকেই উৎসর্গ করছি।" দিনের ঠিক শেষ বলে দুই রান নিয়ে শতক পূরণ করেন ব্রাভো। ওই বলের আগে মনের অবস্থা কেমন ছিলো জানতে চাইলে তিনি বলেন, "ওই বলটি ছিল খাটো লেন্থের। ভেবেছিলাম আমার শট থেকে চার আসবে। তাই আগেই শতক উৎযাপন শুরু করে দিয়েছিলাম। তবে চার না হলেও আমি খুশি।" বাংলাদেশে আগের ইনিংসগুলোতে ব্যর্থ হলেও শেষ ইনিংসে এসে সাফল্য পাওয়ার ব্যাপারে ব্রাভো বলেন, "আমি জানতাম এখানে আমার জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। আমি সব সময় কঠোর পরিশ্রমে বিশ্বাসী।" তৃতীয় দিন বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন সবচেয়ে ভালো বল করেছেন বলে মনে করেন ব্র্যাভো। তিনি বলেন, "রুবেল একজন দুর্দান্ত বোলার। আজ তিনি দারুণ বল করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো উইকেট পাননি।" ব্রায়ান লারার প্রথম টেস্ট শতকটি ছিলো ২৭৭ রানের এক অসাধারণ ইনিংস। তিনিও অত দূর যেতে পারবেন কিনা জানতে চাইলে ব্রাভো বলেন, "আপাতত এটা নিয়ে কিছু ভাবছি না।" লারার সঙ্গে তার ব্যাটিংয়ের ধরনের ভীষণ মিল। তার ওপরে লারার প্রভাব সম্পর্কে ব্রাভো বলেন, "তিনি নিঃসন্দেহে আমার আদর্শ। শৈশব থেকেই আমি তার ব্যাটিংয়ের ভক্ত। তিনি যতক্ষণ ব্যাট করতেন আমি ততক্ষণই টিভিতে খেলা দেখতাম। তিনি আউট হয়ে গেলে বাইরে খেলতে চলে যেতাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩২ঘ.