২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাভোর শতকে ভালো অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ

দলকে অনেকখানি এগিয়ে নিলেন ড্যারেন ব্রাভো ও কার্ক এডওয়ার্ডস। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সোমবার ব্রাভোর অপরাজিত শতক ও কার্কের অর্ধশতকের সুবাদে ভালো অবস্থায় পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে রান করেছে ২০৭। ফলে দলটি এগিয়ে আছে ৩৩১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:01 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলকে অনেকখানি এগিয়ে নিলেন ড্যারেন ব্রাভো ও কার্ক এডওয়ার্ডস। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সোমবার ব্রাভোর অপরাজিত শতক ও কার্কের অর্ধশতকের সুবাদে ভালো অবস্থায় পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে রান করেছে ২০৭। ফলে দলটি এগিয়ে আছে ৩৩১ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৫ রানের জবাবে বাংলাদেশ করে ২৩১। এতে ১২৪ রানে এগিয়ে যায় সফরকারীরা। ড্যারেন ব্রাভো ১০০ ও 'নাইটওয়াচ ম্যান' কেমার রোচ ৪ রান নিয়ে ব্যাট করছেন। দিনের শেষ বলে দুই রান নিজের প্রথম শতক তুলে নেন ব্রাভো। তিনি তার ১৬৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছয় দিয়ে। শতক হাঁকানোর পর আবেগ ধরে রাখতে পারেননি ব্রাভো। মাঠ থেকে বেরিয়ে আসার সময় দর্শকরা যখন দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সাকিব আল হাসানের বলে দুবার জীবন পান ব্রাভো। ব্যক্তিগত ৪৫ রানের মাথায় পরপর দুবলে উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও স্লি¬পে ইমরুল কায়েসের হাত ফস্কে পড়ে যায় তার সহজ ক্যাচ। এই টেস্টে এনিয়ে তিনটি ক্যাচ হাত গলে বেরিয়ে গেলো বাংলাদেশ অধিনায়কের। রাজধানীর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই রানআউটের শিকার হন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ বার্থওয়েট (০)। স্কয়ার লেগে বল ঢেলে দিয়েই রানের জন্য দৌড় দেন তিনি। কিন্তু জায়গায় পৌঁছানোর আগেই নাঈম ইসলাম সরাসরি ননস্ট্রাইক এন্ডের স্টাম্প ভেঙে দেন। দলীয় ৩৩ রানের মাথায় ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েল (১২)। সাকিবের বল তুলে মারতে গিয়ে মিডঅনে নাসির হোসেনের হাতে সহজ ক্যাচ দেন তিনি। এর আগে ১১ রানে একবার জীবন পান। সেকেন্ড স্লিপে ক্যাচ ফেলে দেন শাহরিয়ার নাফীস। এরপরই খেলার চিত্র পাল্টে দেন ব্রাভো ও কার্ক। তৃতীয় উইকেট জুটিতে ১৫১ রান তুলে দলের অবস্থা সুসংহত করেন তারা। ১৮৪ রানের মাথায় সোহরাওয়ার্দী শুভর বল ফ্লিক করতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি কার্ক। বল গিয়ে আঘাত হানে তার স্ট্যাম্পে। ২০৪ বল খেলে ৮৬ রান করেন তিনি। সীমানার ওপারে বল পাঠান ৭ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে একবার। বাংলাদেশের পক্ষে সোহরাওয়ার্দি শুভ ও সাকিব একটি করে উইকেট নেন। এজন্য শুভ দেন ৩২ রান। সাকিব ৬২। সকালে ৭ উইকেটে ২০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে এক ঘণ্টাও টিকে থাকতে পারেনি বাংলাদেশ। দিনের প্রথম পানি বিরতির আগেই ২৭ রান যোগ করে শেষ ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শুভকে (১৫) আউট করে দেবেন্দ্র বিশু ওয়েস্ট ইন্ডিজকে দিনের প্রথম সাফল্য এনে দেন। বিশুর লাফিয়ে ওঠা বল ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে। বলটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি ব্রার্থওয়েটের। পরে শাহাদাত হোসেনকে (৪) বোল্ড করে গুটিয়ে দেন তিনি বাংলাদেশের ইনিংস। মাঝখানে নাসির হোসেনকে (৪৫) সাজঘরের পথ দেখান মারলন স্যামুয়েলস। তাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে কার্কের হাতে ধরা পড়েন তিনি। তার ১১৩ বলের ইনিংসে চার রয়েছে চারটি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিদেল এডওয়ার্ডস ৫ উইকেট নেন ৬৩ রানে। ৬২ রানে ৩ উইকেট নেন বিশু। চট্টগ্রামে প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭০০ ঘ.