ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ১৫ বল।
ডারবানের কিংসমিডে টসে জিতে ব্যাট করতে নেমে জ্যাক ক্যালিস ও অধিনায়ক হাশিম আমলার অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২২২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৭ ওভার ৩ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে শেন ওয়াটসন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। দলীয় ৭৮ রানে ক্যালিসের বলে বোল্ড হওয়ার আগে ৪৬ বলে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে করেন ৪৯ রান। ৪ রান যোগ করেনই রিকি পন্টিং (১১) বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা।
সেখান েেক দলকে টেনে তুলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও শন মার্শ। চর্তু উইকেটে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তারা। দুজনই জেপি ডুমিনির বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
দলীয় ১৩০ রানে ক্লার্ক (২৬) ও ১৫৬ রানে মার্শ (৩০) বিদায় নিলে খেলায় ফিরে স্বাগতিকরা। তবে ষষ্ঠ উইকেটে ব্র্যাড হ্যাডিন ও মাইক হাসি ৩৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে আসেন জয়ের পথে। ২৫ বলে ২টি করে চার ও ছয় হাঁকিয়ে ২৩ রান করে হ্যাডিন বিদায় নিলেও হাসি দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
৪৫ রানে অপরাজিত থাকেন হাসি। তার ৬৪ বলের ইনিংসে ১টি করে চার ও ছয় রয়েছে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যালিস ও ডুমিনি দুটি করে উইকেট নেন। এজন্য ক্যালিস দেন ১৭ রান। ডুমিনি ২৯।
এর আগে ক্যালিস ও আমলা দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় ১১৭ রানে আমলা (৫২) রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তার ৭২ বলের ইনিংসে ৭টি চার রয়েছে।
নিজের অর্ধশতকে পৌঁছে জ্যাভিয়ার ডোহার্টির বলে মার্শের হাতে ধরা পড়ে বিদায় নেন ক্যালিস (৫৪)। দলের রান তখন ১৪১। তিনি তার ৭৪ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছয় দিয়ে।
ক্যালিস-আমলার গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পরের দিকের ব্যাটসম্যানরা। ফলে অনেক বড় স্কোরের সম্ভবনা জাগিয়েও ২২২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।
ডুমিনি ৩৫ ও ফাফ প্লেসিস ২১ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ডোহার্টি ও মিচেল জনসন ২টি করে উইকেট নেন। এজন্য ডোহার্টি দেন ৩৩ রান। জনসন ৩৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১২ ঘ.
bdnews24