২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের সাফল্য, আশরাফুলের ব্যর্থতা

টেস্ট দল থেকে বাদ পড়ার পর জাতীয় ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন আব্দুর রাজ্জাক। বরিশালের বিপক্ষে খুলনার হয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। তবে রাজ্জাক সাফল্য পেলেও টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল আবারও ব্যর্থ। ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করতে নেমে মাত্র ১৫ রান করে আউট হয়ে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট দল থেকে বাদ পড়ার পর জাতীয় ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন আব্দুর রাজ্জাক। বরিশালের বিপক্ষে খুলনার হয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। তবে রাজ্জাক সাফল্য পেলেও টেস্ট দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল আবারও ব্যর্থ। ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করতে নেমে মাত্র ১৫ রান করে আউট হয়ে গেছেন তিনি। রোববার রাজশাহীতে জাতীয় লিগের দ্বিতীয় পর্বে ঢাকা-ঢাকা মেট্রো ম্যাচের প্রথম দিনে ১৮টি উইকেট পড়েছে। দ্বিতীয় ম্যাচের শুরুতেও বিপদে গতবারের চ্যাম্পিয়ন রাজশাহী। বরিশাল-খুলনা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল-খুলনা ম্যাচের প্রথম দিনকে উপভোগ্য করে তোলে রাজ্জাকের সঙ্গে সোহাগ গাজীর লড়াই। টস জিতে ব্যাট করতে নেমে সোহাগের শতকের সুবাদে অলআউট হওয়ার আগে ৩০২ রান করে বরিশাল। ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে দু শ'র কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া বরিশাল তিন শ পেরোয় ৭ নম্বরে ব্যাট করতে নামা সোহাগের অনমনীয় দৃঢ়তায়। অষ্টম উইকেটে ইসলামুল আহসানের (২৫) সঙ্গে ৯৪ এবং শেষ উইকেটে কামরুল ইসলামের (অপরাজিত ১) সঙ্গে ৪৯ রানের দুটো দারুণ জুটি গড়েন সোহাগ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছিলো ১৪০ রান। মাত্র ৯৯ বলে খেলা অসাধারণ ইনিংসটিতে ২০টি চার ও ৩টি ছক্কা। বরিশালের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান অধিনায়ক ফজলে রাব্বি (৩৯) ও সালমান হোসেনের (৩৬)। রাজ্জাকের ৮ উইকেটের পেছনে খরচ ১২৩ রান। জবাবে দিনশেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৫২। ১৩ রান করে আউট হয়ে গেছেন অমিত মজুমদার। তাপস ঘোষ ২১ ও আনামুল হক ১০ রানে অপরাজিত। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল সোহাগ। খুলনার একমাত্র উইকেটটি তারই। ঢাকা-ঢাকা মেট্রো রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। ব্যাট করতে নেমে আরাফাত সালাউদ্দিনের তোপের মুখে ১৩২ রানে গুটিয়ে যায় ঢাকা। সালাউদ্দিন ৫ উইকেট নেন ২৩ রানে। ঢাকার পক্ষে অধিনায়ক মোহাম্মদ শরীফ সর্বোচ্চ ২৭ রান করেন। নাজমুল হোসেন অপরাজিত থাকেন ২১ রানে। জবাব দিতে নেমে ঢাকা মেট্রোও ভীষণ বিপদে। ৮ উইকেটে ১০২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৩১ রান আসে আসিফ আহমেদের ব্যাট থেকে। আরাফাত করেন ২১ রান। ৩টি চারের সাহায্যে ১৪ বলে ১৫ রান করা আশরাফুলকে ফেরান মাহবুবুল আলম রবিন। রাজশাহী-রংপুর বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ হয়েছে রাজশাহী। রংপুরের পেসারদের তোপের মুখে ২০৬ রানে অলআউট হয়ে যায় তারা। রংপুরের পক্ষে শুভাশীষ রায় ৪ উইকেট নেন ৫৪ রানে। এছাড়া সাজিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু দুটি করে উইকেট নেন। পাঁচটি ক্যাচ ধরেন গত আসরের সেরা উইকেটরক্ষক ধীমান ঘোষ। ১৪৪ রানে ৯ উইকেট হারিয়ে দেড় শ'র মধ্যে অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়া রাজশাহী দু শ পার হয় দেলোয়ার হোসেন ও সাকলায়েন সজীবের দৃঢ়তায়। শেষ উইকেটে ৬২ রানের জুটি গড়েন তারা। সাকলায়েন ১৫ রান করে আউট হয়ে গেলেও দেলোয়ার অপরাজিত থাকেন ৪৫ রান নিয়ে। ফরহাদ হোসেন করেন ৩৭ রান। জাতীয় দল থেকে বাদ পড়া জুনায়েদ সিদ্দিক আবারও ব্যর্থ। রোববার রানের খাতাই খুলতে পারেননি তিনি। জবাব দিতে নেমে রংপুরও তেমন স্বস্তিতে নেই। প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৮৩ রান। উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি। লিটন ৫৯ ও অধিনায়ক তারিক আহমেদ ৬ রান নিয়ে ব্যাট করছেন। ব্যাট হাতে ভালো অবদান রাখার পর বল করতে এসেও সাকলায়েন দারুণ সফল। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। সিলেট-চট্টগ্রাম বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে অলক কাপালীর অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৯৮ রান করেছে সিলেট। ফয়সাল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ঠিক ৫০ রান করেন অলক। গোলাম মাবুদ ৪০ ও তাপস বৈশ্য ৩৬ রান নিয়ে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করেছেন তারা। চট্টগ্রামের পক্ষে ফয়সাল ২ উইকেট নেন ১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৮ঘ.