ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি অভিযোগ করেছেন, 'স্পট ফিক্সিং' মামলার কেন্দ্রে যে লোকটি আছেন, সেই মাজহার মাজিদ বেশ কয়েকবার তার বন্ধু হওয়ার চেষ্টা করেছিলেন।
আফ্রিদি বলেন, "তিনি (মাজিদ) বেশ কয়েকবার আমার বন্ধু ও ঘনিষ্ট হওয়ার টেষ্টা করেন। কিন্তু প্রত্যেক বারই আমি তাকে বকা দিয়ে ফেরত পাঠিয়ে দেই।"
এর কারণ হিসেবে আফ্রিদি বলেন, তিনি কখনোই মাজিদকে বিশ্বাস করেননি। যদিও মাজিদ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করেন। 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকায় এ সব ক্রিকেটারের মধ্যে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করেছে।
এ ব্যাপারে লন্ডনের একটি আদালতে মামলা চলছে বলে আরো শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। এরই মধ্যে মাজিদ আদালতে নিষিদ্ধ এই তিন ক্রিকেটারের সাহায্যে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং' করার কথা স্বীকার করেন।
আফ্রিদি বলেন, এই 'স্পট ফিক্সিং' পাকিস্তান ক্রিকেটের সুনাম নষ্ট করেছে।
মাজিদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ সম্পর্কে টিম ম্যানেজমেন্টকে আগেই তিনি সতর্ক করে দিয়েছিলেন বলে আফ্রিদি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৪৪২ ঘ.
bdnews24