২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড

সফরের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফরের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড। ২৫ অক্টোবর বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে অধিনায়ক ব্রেন্ডন টেলরের অপরাজিত শতকের (১০৭) সুবাদে ৮ উইকেটে ২৫৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে মার্টিন গাপটিলের শতকের উপর ভর করে ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে ২৬১ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আগের ম্যাচে শতক পাওয়া রব নিকোল (৯) বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম ১৫৭ রান যোগ করলে শক্ত ভিত পায় নিউজিল্যান্ড। দলীয় ২০৬ রানে বিদায় নেন ম্যাককালাম (৮৭)। তিনি তার ৯৯ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছয় দিয়ে। শতরানে পৌঁছানোর পর বিদায় নেন গাপটিলও (১০৫)। দলের রান তখন ২২২। ওয়ানডেতে এটি গাপটিলের দ্বিতীয় শতক। এরপর নিউজিল্যান্ডের পরের তিন ব্যাটসম্যান দ্রুতই বিদায় নিলেও তাতে দলের জয় আটকায়নি। জিম্বাবুয়ের পক্ষে কিগান মিথ ২ উইকেট নেন ৫২ রানে। এর আগে টেলরের টানা দ্বিতীয় শতকের সুবাদে লড়াই করার মতো পুঁজি গড়ে জিম্বাবুয়ে। এটি তার ষষ্ঠ শতক। তিনি তার ১০৫ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ১টি ছয় দিয়ে। এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়া চলতে থাকলেও দলকে প্রায় একাই টানেন টেলর। সহায়তা পেয়েছেন কেবল ম্যালকম ওয়ালারের কাছ থেকে। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। ওয়ালারের ব্যাট থেকে আসে ৪২ রান। নিউজিল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাককে ৪ উইকেটে নেন ৫৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৪ ঘ.