ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান।
মুশফিক ৬৮ ও নাঈম ইসলাম ৮ রান নিয়ে ব্যাট করছেন। মুশফিকের ১৪৩ বলের ইনিংসে ৫টি চার। টেস্টে এটি তার সপ্তম অর্ধশতক। ব্যক্তিগত ১৬ রানে দেবেন্দ্র বিশুর বলে স্লিপে ড্যারেন স্যামির হাতে জীবন না পেলে অবশ্য অনেক আগেই ফিরতে পারতেন তিনি।
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর টেস্টেও টস ভাগ্য মুশফিকের পক্ষে। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা পঞ্চম টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
টেস্টে ভালো করার জন্য ওপরের সারির ব্যাটসম্যানদের কাছ থেকে রান চেয়েছিলেন মুশফিক। অন্তত প্রথম দিন তাকে হতাশ হতে হয়নি। নিজে যেমন অর্ধশতক করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তেমনি তামিম ইকবাল, রকিবুল হাসান আর সাকিব আল হাসানও ব্যাট হাতে ভালো অবদান রেখেছেন।
তবে বাংলাদেশের সৌভাগ্যের মাঠ হিসেবে পরিচিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমরুল কায়েস আবারও ব্যর্থ। তৃতীয় ওয়ানডেতে ১১ রান করা ইমরুল শুক্রবার করতে পেরেছেন ১০ রান। দলীয় ২৬ রানে রবি রামপলের বলে কার্লটন বাফের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন তিনি।
তামিম, ইমরুল নিজেদের গুটিয়ে রাখলেও শুরু থেকে হাত খুলে খেলতে থাকেন নাফীস। কিন্তু ফিদেল এডওয়ার্ডসের লাফিয়ে ওঠা বল হুক করতে গিয়ে মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। দলের রান তখন ৫৮। ১৮ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করেন নাফীস। শনিবার তার ব্যাট করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তামিম স্বভাববিরুদ্ধভাবে বেশ ধীর-স্থিরই ছিলেন শুক্রবার। নাফীস ফিরে আসার পর রকিবুলের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে বাংলাদেশকে স্বস্তিকর জায়গায় নিয়ে যান তিনি। কিন্তু টেস্টে নবম অর্ধশতক করার ঠিক পর পরই মারলন স্যামুয়েলসের বলে স্লগসুইপ করতে গিয়ে ক্যাচ দেন তিনি। চট্টগ্রামের ছেলে তামিমের ১৪১ বলে খেলা ৫২ রানের ইনিংসে ৫টি চার।
এরপর রকিবুল ও মুশফিকের মধ্যে গড়ে ওঠা আরেকটি ভালো জুটি ৪৯ রান উপহার দেয় স্বাগতিকদের। ড্যারেন স্যামির বলে এলবিডব্লিউ হওয়ার আগে রকিবুল করেন ৪১। বাংলাদেশ তখন ১৫৯/৩।
রকিবুল ফিরে গেলেও দমে যাননি মুশফিক। সাকিবের সঙ্গে ৭৯ রানের আরো একটি চমৎকার জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান তিনি। ৮৩তম ওভারে দলীয় ২৩৮ রানে সাকিব (৪০) স্যামুয়েলসের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার পর দিনের বাকি সময়টা নাঈমকে নিয়ে পার করে দেন বাংলাদেশের অধিনায়ক।
প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার স্যামুয়েলস। ৬৭ রানে দুই উইকেট নিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৪০ ঘ.
bdnews24