ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকাকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি-বিঘিœত প্রথম একদিনের খেলায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতেছে ৯৩ রানে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুধবার টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। ২৯ ওভারে চার উইকেটে অস্ট্রেলিয়া ১৮৩ রান করলেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির জটিল হিসেব-নিকেশে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য দাঁড়ায় ২২৩। এই রান তাড়া করতে গিয়ে ২২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তারা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিচেল জনসন ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ প্যাট কামিন্সের বোলিংয়ের মুখে অসহায় হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। দু'জনই উইকেট নেন তিনটি করে। এ জন্য জনসনের খরচ হয় ২০ রান। কামিন্স দেন ২৮ রান।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে আমলা, ফাফ প্লেসিস ও জোহান বোথা ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউ। চমৎকার শুরু করলেও এই তিনজনও তাদের ইনিংস বড় করতে পারেননি। থেমে যান ২০-এর ঘরে। সবচেয়ে বেশি ২৭ রান আসে প্লেসিসের ব্যাট থেকে। এছাড়া ২৫ রান করেন বোথা ও আমলা করেন ২৪।
এর আগে ব্যাট করতে নেমেই অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার রানের চাকা ঘোরাতে থাকেন অত্যন্ত দ্রুত গতিতে। দলীয় ২১ রানের মাথায় ডেল স্টেইনের বলে বোল্ড হওয়ার আগে রান করেন তিনি ২০। তার মাত্র ১৭ বলের ইনিংসে চার রয়েছে চারটি।
এরপরই দক্ষিণ আফ্রিকার বোলারদের নাকাল করতে থাকেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক। ১৯ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস এক উইকেটে ৯৬-এ পৌঁছার পর বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টি থেমে যাওয়ায় খেলা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মাত্র ১০ ওভারে রান তোলেন ৮৭।
শেষ পর্যন্ত মাইক হাসি অপরাজিত থাকেন ৩০ রানে। মাত্র ২১ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি তিনবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে একবার। অপর অপরাজিত ব্যাটসম্যান মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৮ রান।
এর আগে ১২৩ রানের মাথায় রান-আউট হয়ে সাজঘরের পথ ধরার আগে ৪৮ বলে ৪৪ রান করেন ক্লার্ক। তার আসলে কপালটাই খারাপ। জোহান বোথার বলটি ড্রাইভ করেন পন্টিং। কিন্তু বোলার জোহান বোথার আঙ্গুলে লেগে বল গিয়ে আঘাত হানে 'নন-স্ট্রাইকিং' প্রান্তের উইকেটে। এদিকে 'ব্যাক-আপ' করার জন্য জায়গা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ক্লার্ক। আর জায়গায় ফেরার সময় পাননি তিনি। ক্লার্ক তার ইনিংসটি সাজান পাঁচটি চার ও দুটো ছক্কা দিয়ে।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৬৩ রান আসে পন্টিং-এর ব্যাট থেকে। তার ৭৭ বলের ইনিংসে রয়েছে ৯টি চার। তিনি যখন আউট হন তখন দলের রান ছিল ১৫৯।
দক্ষিণ আফিকার বোলারদের মধ্যে স্টেইন দুই উইকেট নেন ৪৮ রানে।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি হবে ২৩ অক্টোবর পোর্ট এলিজাবেথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৯ ঘ.
bdnews24