ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের টেস্ট দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে আশরাফুল ছাড়াও নেই আব্দুর রাজ্জাক, জুনায়েদ সিদ্দিক, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ।
অগাস্টে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে এই ছয় জনই ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে নতুন মুখ দুজন Ñ দুই বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও ইলিয়াস সানি। শুভ ১৭টি ওয়ানডে খেললেও সানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে।
জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে ৭৩ ও ৩৯ রানের দুটো ভালো ইনিংস খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ওয়ানডেতেই চরম ব্যর্থ আশরাফুল।
প্রথম ওয়ানডেতে ২ রান করার পর দ্বিতীয় ওয়ানডেতে কোনো রানই করতে পারেননি সবচেয়ে কম বয়সে টেস্ট শতক করা আশরাফুল। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের দলেও তাই জায়গা হয়নি তার।
জিম্বাবুয়ে সফরে বল হাতে অনুজ্জ্বল ছিলেন রাজ্জাক ও শফিউল দুজনই। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ অবশ্য বাদ পড়েছেন অসুস্থতার কারণে।
টেস্ট দলে ফিরেছেন রকিবুল হাসান, নাঈম ইসলাম ও শাহাদাত হোসেন রাজীব।
২০১০ এর জানুয়ারিতে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেন রকিবুল। জাতীয় লিগে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৩ রান করেন তিনি।
গত বছর মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন নাঈম।
২০১০ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন শাহাদাত। চোটের কারণে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি তিনি। টেস্ট দলে তার প্রত্যাবর্তন প্রত্যাশিতই ছিলো।
বাংলাদেশের টেস্ট দল: মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, রকিবুল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, শাহরিয়ার নাফীস, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজীব, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী ও ইলিয়াস সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৯ ঘ.
bdnews24