ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উমর আকমলকে স্বার্থপরতা ত্যাগ করে বড় ইনিংস খেলার ওপর নজর দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও অন্তবর্তীকালীন কোচ মোহসিন খান।
ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, "উমরের প্রতিভা সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু দলে থাকার জন্য পর্যাপ্ত পরিশ্রম তিনি করছেন না।"
"আক্ষরিক অর্থেই আমরা তাকে এই বার্তা দিয়েছি যে, ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি বড় ইনিংস খেলা শেখো। ৩০ ও ৪০ রানের ইনিংসগুলোকে কিভাবে শতকে নিয়ে যেতে হয় তা শেখো," যোগ করেন তিনি। একই সঙ্গে মোহসিন খান তাকে স্বার্থপরতা ত্যাগ করারও পরামর্শ দেন।
২০০৯ সালে নজর কাড়া অভিষেকের পর থেকে একটিও শতক হাঁকাতে পারেননি উমর। রান না পাওয়ায় গত বছর নিউজিল্যান্ড সফরে দল থেকে বাদ দেয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নেয়া হলেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে আবারো বাদ পড়েন তিনি।
জিম্বাবুয়ে সফরের পর ওয়াকার ইউনুস সরে দাঁড়ানোয় মোহসিন খানকে কিছুদিনের জন্য পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪৭ ঘ.
bdnews24