২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় মুশফিকের ক্ষোভ

পিচ মোটেও বোলারদের সহায়ক ছিল না। তবু শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। যে ব্যর্থতার উত্তর জানা নেই মুশফিকুর রহিমের। সব মিলিয়ে ব্যাটসম্যানদের ওপরে তিনি ভীষণ ক্ষুব্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 05:11 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিচ মোটেও বোলারদের সহায়ক ছিল না। তবু শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। যে ব্যর্থতার উত্তর জানা নেই মুশফিকুর রহিমের। সব মিলিয়ে ব্যাটসম্যানদের ওপরে তিনি ভীষণ ক্ষুব্ধ।

সিরিজ হার নিশ্চিত হওয়ার পর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, "এই ব্যর্থতার উত্তর আমার কাছেও নেই। উইকেটে তেমন কিছু ছিল না। তবে গিয়েই মারার মতো উইকেটও এটি নয়। ব্যাটসম্যানদের শট খেলার আগে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার মতো সময় নেয়া উচিৎ ছিল।"

ব্যাটসম্যানরা বাজে শট খেলে আউট হয়েছেন বলেই মনে করেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, "ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীন শট খেলেছেন। তাদের ব্যাটিং নিয়ে আমি হতাশ।"

"এটা ছিল আমাদের বাঁচা-মরার লড়াই। পরিকল্পনা ছিল প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারানো। ঐ সময়ে ৩০/৩৫ রান এলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের শুরুটা একদমই ভালো হয়নি। যে কারণে এই পরিকল্পনাও কোনো কাজে আসেনি," যোগ করেন তিনি।

১৮ রানে ৪ উইকেট হারানোর পর লড়াইয়ে ফেরা খুব কঠিন ছিল বলেই মনে করেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, "দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর খেলায় ফেরা বেশ কঠিন। তাছাড়া এই ম্যাচে তারা একজন বাড়তি বোলার খেলিয়েছে। তাই ঘুরে দাঁড়ানো আরো কঠিন হয়ে পড়েছিল আমাদের জন্য। তবে মাঝ ও নিচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় অন্তত সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে পেরেছি আমরা।"

২২০ রান নিয়েও লড়াই করা যেতো বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "এটা এমন একটা সংগ্রহ যা তাড়া করতে নেমে হিসেব করে খেলতে হয়। মারবো না দেখে খেলবো এ নিয়ে ব্যাটসম্যানরা কিছুটা হলেও দ্বিধায় থাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেবী ব্যাটিং করে সহজ জয় আদায় করে নিয়েছে।"

তবে মুশফিকের দাবি, ১৮ রানে ৪ উইকেট হারানোর পরও ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা বাংলাদেশ ভাবেনি। তিনি বলেন, "এক সময় এ ধরনের কঠিন পরিস্থিতিতে আমরা ভেঙ্গে পড়তাম। এমনকি বিশ্বকাপের সময়ও এমন ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। ২৫০/২৬০ রান হয়তো হয়নি। কিন্তু আমরা ২৩০/২৪০ রানের জন্য খেলছিলাম। এবং এই লক্ষ্যের কাছাকাছিও যেতে পেরেছি।"

"২৫০ রানের মতো করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের আরেকটু ঝুঁকি নিয়ে খেলতে হতো। তখন হয়তো সাকিব, রাজ্জাক, শফিউল বা রুবেল শুরুতেই সাফল্য এনে দিতে পারতেন। কিন্তু ওই রান হয়নি বলেই তারা কোনো ঝুঁকিও নেননি। অনেক সময় নিয়ে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন। এবং পরে দ্রুত রান তুলেছেন," যোগ করেন তিনি।

তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের দলের ব্যাটসম্যানরা শিখছেনও। শুধু প্রতিপক্ষের কাছ থেকে নয়, এই ম্যাচে নাসির, নাঈম, রাজ্জাকের ব্যাটিং থেকেও ওপরের সারির ব্যাটসম্যানদের অনেক কিছু শেখার আছে।"

উইকেটকে কোনো দোষ দিতে নারাজ মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, "এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছি সেই তিনটি উইকেটই ভালো ছিল। উইকেটকে দোষ দিলে নিজেরা যে ভুলগুলো করেছি সেগুলো ঢাকা পড়ে যাবে। উইকেট ভালো ছিল, আমাদের প্রস্তুতিও ভালো ছিল।"

"ওরা কিভাবে, কোন্ লেন্থে বল করতে পারে তা আমরা জানতাম। এ নিয়ে অনেক অনুশীলন করেছি, বোলিং মেশিনে ঘন্টায় ৯০ মাইল গতির বলে ব্যাটিং করেছি। কিন্তু ম্যাচে তার প্রয়োগ ঘটাতে পারিনি। এই ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের নিতে হবে। আমরা একদমই ভালো ব্যাট করতে পারিনি," যোগ করেন তিনি।

তিনি বলেন, "আমি আগেই বলেছি, এখানে সিরিজ বা ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ অবদান রাখতে হবে। বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দিতে হবে তাদেরই।"

নিজের শততম ওয়ানডে অন্যভাবে মনে রাখতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতায় তা সম্ভব হয়নি। তবে হেরে গেলেও এই ম্যাচ তার মনে থাকবে বলে জানিয়েছেন মুশফিক।

প্রথম দুই ওয়ানডের ব্যর্থতা ভুলে চট্টগ্রামে নতুন করে শুরু করাই তার লক্ষ্য। তিনি বলেন, "চট্টগ্রামে ওদের অনেকেই কখনো খেলেনি। সেখানে তৃতীয় ওয়ানডে হবে। তারপর দুই টেস্ট সিরিজের প্রথমটি। আশা করি সেখানে আমরা ভালো খেলতে পারবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৩ঘ.