২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বাটের আয়ের বিস্তারিত তথ্য

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের বৈধ আয়ের বিস্তারিত তথ্য বৃহস্পতিবার আদালতে তুলে ধরা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের বৈধ আয়ের বিস্তারিত তথ্য বৃহস্পতিবার আদালতে তুলে ধরা হয়েছে। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শুনানীর সপ্তম দিনে কোন কোন খাত থেকে এই অর্থের কতো অংশ আসে তাও তুলে ধরা হয়। আয়ের বিস্তারিত দিক জানা এই মামলায় খুবই গুরুত্বপূর্ণ। কেননা গত বছর পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরকালে বাট ও পেসার মোহাম্মদ আসিফের লন্ডনের হোটেল-কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল অঙ্কের অর্থ উদ্ধার করা হয়। এর মধ্যে বাটের কক্ষ থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার পাউন্ড, ১২,৬০০ ডলার, ২৪,৩০০ দিরহাম ও ২৬ হাজার পাকিস্তানি রুপি। আর আসিফের কক্ষ থেকে আট হাজার পাউন্ড উদ্ধার করা হয়। সফরের একটি (লর্ডস) টেস্টে অর্থের বিনিময়ে নো-বল করেন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন তখনকার টেস্ট অধিনায়ক সালমান বাট। পরে বাট, আসিফ ও আমেরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। অপর অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধেও আনা হয় একই অভিযোগ। তবে বাট ও আসিফের সঙ্গে অপর দু'জনের বিচার করা হচ্ছে না। এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই। বাদী ও বিবাদী, উভয় পক্ষের উকিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট অপারেশন্সের সাবেক পরিচালক জাকির খানের কাছে তাদের চুক্তিবদ্ধ খেলোয়াদের আয়ের বিস্তারিত দিক জানতে চান। পিসিবির লাহোর কার্যালয় থেকে সব তথ্যই তুলে ধরেন জাকির খান ভিডিও লিঙ্কের মাধ্যমে। এরই মধ্যে আইসিএলে না খেলার জন্য বাটকে তিন মিলিয়ন পাকিস্তানি রুপি দেয়া হয বলে বাটের আইনজীবী জানান। আর জাকির খান তা নিশ্চিত করেন। আইসিএল চালু হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় পাকিস্তানের। মোহাম্মদ সামি, আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ ইউসুফের মতো খেলোয়াড়রা যোগ দেন 'বিদ্রোহী' এই লিগে। এ অবস্থায় পিসিবি বাধ্য হয়ে আইসিএলে না খেলার জন্য কয়েকজন খেলোয়াড়কে অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়। সেই খেলোয়াড়দেরই একজন বাট। শুক্রবারও শুনানী চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৭ ঘ.