ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৫ অক্টোবর, শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের প্রথম ওয়ানডে শতকের সুবাদে ৪ উইকেটে ২৯৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে সাকিব আল হাসান ও নাঈম ইসলামের অর্ধশতকের পরও ৭ উইকেটে ২৫৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
সাকিব ৬৭ রানে অপরাজিত ছিলেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও এক সময় বাংলাদেশের রান তোলার গতি অনেক কমে যায়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও নাঈম ইসলাম সতর্কতার সঙ্গে ব্যাট চালাতে থাকেন। ১০ ওভার শেষে তারা তোলেন ৪০ রান। ওভারের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারার ফলে চাপ বাড়তে থাকে স্বাগতিকদের ওপর।
এই ম্যাচে বাংলাদেশের নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ইনিংস উদ্বোধন করতে নামতে পারেনি। কারণ ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় শেষ ২৩ মিনিট মাঠে ছিলেন না ইমরুল। আইসিসির নিয়মানুযায়ী ৮ মিনিটের বেশি সময় মাঠের বাইরে থাকতে পারবেন না কোনো খেলোয়াড়। যদি এর বেশি সময় মাঠের বাইরে থাকেন তবে ব্যাটিং বা বোলিংয়ের সময় ঠিক তত সময় পর ব্যাট বা বল করার সুযোগ পাবেন। তাই বাধ্য হয়েই বাংলাদেশ দল ইমরুলের পরিবর্তে নাঈমকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামায়।
ত্রয়োদশ ওভারে স্পিনার দেবেন্দ্র বিশুকে আক্রমণে আনেন দীনেশ রামদিন। এসেই সফল বিশু। প্রথম বলেই তিনি তামিমের (২১) উইকেট তুলে নেন। ব্যাট করতে নামেন ইমরুল কায়েস। কিন্তু রান তোলার গতি তেমন বাড়েনি।
নাঈম ও ইমরুল ৭৮ রানের জুটি গড়ে তুললেও বল খরচ করেন ৯৪টি।
দলীয় ১২২ রানে আন্দ্রে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছাকাছি ডেনজা হায়াটের হাতে ধরা পড়েন নাঈম। তার আগেই নিজের দ্বিতীয় ওয়ানডে অর্ধশতক তুলে নেন তিনি। ৮২ বল খেলে ৫২ রান করে নাঈম।
এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ১২ বলের ব্যবধানে নাঈমের পর ফিরে যান মোহাম্মদ আশরাফুল (২) ও ইমরুল (৪২)। ফলে ১২১/১ থেকে বাংলাদেশ পরিণত হয় ১৩০/৪ এ।
এরপর অধিনায়ক মুশফিকুর রহিমও ফিরে গেলে বাংলাদেশ ভীষণ বিপদে পড়ে যায়। স্কোর দাঁড়ায় ১৬৪/৫।
২১ রান করে মারলন স্যামুয়েলসের বলে ড্যারেন ব্রাভোর হাতে ধরা পড়েন মুশফিক ।
যদিও সাবেক অধিনায়ক সাকিব দৃঢ়তার সঙ্গে খেলতে থাকেন। রান তোলার গতি বাড়িয়ে দলকে জয়ের স্বপ্নও দেখাতে থাকেন তিনি। অলক কাপালীকে সঙ্গী করে ৪৬ বলে ৫৫ রানের জুটি গড়ে তোলেন সাকিব।
তবে দলীয় ২১৯ রানে অলক (২০) আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর নাসির হোসেন ও আব্দুর রাজ্জাককে নিয়ে হারের ব্যবধানই শুধু কমাতে সক্ষম হন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন রবি রামপাল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেল।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও অ্যাড্রিয়ান বারাথ দেখেশুনে ব্যাট করলেও উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার পর খেলতে থাকেন হাত খুলে। বাড়তে থাকে রান তোলার গতি।
হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় ১৫ ওভার শেষে বারাথ (২১) সাজঘরে ফিরে গেলেও রান তোলার গতি কমেনি, বরং বাড়তে থাকে প্রতিনিয়ত। তখন দলের দলের রান ছিল ৬৭।
এরপর সিমন্স ও মারলন স্যামুয়েলস শুধু দলের অবস্থা সুসংহতই করেননি, বড় রানের পথে হাঁটার ভিত্তিও তৈরি করে দেন।
সিমন্স ও স্যামুয়েলসের বিদায়ের পর সেই ভিত্তির ওপর চড়ে রীতিমতো ঝড় তোলেন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ড। আর সেই ঝড়ে স্রেফ উড়ে যান বাংলাদেশের বোলাররা।
শেষ পর্যন্ত অবশ্য সাজঘরে ফিরে যেতে হয় দুই ব্যাটসম্যানকেই। ব্রাভো ১৯ বলে ২০ রান করে শফিউল ইসলামের বলে বোল্ড হন। আর পোলার্ড রুবেল হোসেনের বলে শুভাগত হোম চৌধুরীর হাতে ধরা পড়েন। মাত্র ২৫ বলে দুই চার ও তিন ছক্কার সাহায্যে করেন ৪১।
এর আগে দলীয় ২১৭ রানের মাথায় রুবেল হোসেনের বলে অলক কাপালীর হাতে ধরা পড়ার আগে সিমন্স করেন ১২২। তিনি তার ১২৪ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ২টি ছক্কা দিয়ে। ওয়ানডেতে এটি সিমন্সের প্রথম শতক। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আগের রেকর্ডটি ছিল ব্রায়ান লারার। ১৯৯৯ সালের অক্টোবরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি ১১৭ রান করেন।
ঠিক ৭ রান পর ২২৪ রানের মাথায় মারলন স্যামুয়েলসও বিদায় নেন রুবেলের বলে অলক কাপালীর হাতে ধরা পড়ে। ৭১ রান করেন তিনি ৭৮ বলে। সীমানার ওপারে বল পাঠান ৬ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দু'বার।
বাংলাদেশের পক্ষে রুবেল ৩ উইকেট নেন ৫৪ রানে।
ম্যাচের আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি। তার বদলে দলের নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক দীনেশ রামদিন। এছাড়া দলে ফিরেছেন স্পিনার দেবেন্দ্র বিশু ও পেসার কেমার রোচ।
অন্যদিকে টি-টোয়েন্টির বাংলাদেশ দলটিই এই ম্যাচে খেলেছে।
মঙ্গলবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি জিতে নেয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/এএআর/২০৪১ ঘ.
bdnews24