ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টি-টোয়েন্টিতে হেরে গেলেও বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো দল বলে দাবি করেছেন দেশটির অলরাউন্ডার কাইরন পোলার্ড।
একই সঙ্গে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্বরূপে ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দিন-রাতের খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টিতে না খেলায় মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দর্শক হয়েই থাকতে হয়েছে পোলার্ডকে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে পোলার্ড বলেন, "টি-টোয়েন্টিতে যে কোনো কিছুই হতে পারে। তবে ওয়ানডেতে ব্যাপারটা খুব সহজ নয়। ওয়ানডেতে বেশিরভাগ ক্ষেত্রে অপেক্ষাকৃত সেরা দলটিই শেষ পর্যন্ত জেতে।"
"পরের ম্যাচগুলোতে যদি মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জেতার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আমরা ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছি। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ, " যোগ করেন তিনি।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "প্রতিটি ম্যাচের পরই হারের কারণ খুঁজে বের করা হয়। গত ম্যাচে হারের পরও তা করা হয়েছে। যে ভুলগুলো করেছি সময় মতো সেগুলো শুধরানো গেলে বাকি ম্যাচগুলোতে আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।"
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলতে প্রায় একমাস ভারতে ছিলেন পোলার্ড। ওই অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগবে বলে মনে করেন তিনি।
বলেন, "উপমহাদেশের সব জায়গাতেই ক্রিকেটের পরিবেশ প্রায় একই রকম। এখানে উইকেট বেশ শ্লথ। চেন্নাইয়ের উইকেটও বেশ শ্লথ ছিলো। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের অনেকগুলো ম্যাচ খেলেছি। যা এখানে কাজে লাগবে।"
বাংলাদেশ দল দিন-রাতের ম্যাচে শিশির নিয়ে ভাবলেও তা নিয়ে মোটেই ভাবনা নেই পোলার্ডের।
বিশ্বকাপে এই মাঠেই বাংলাদেশকে ৫৮ রানে গুড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ওটা নিয়ে এখন আর খুব একটা ভাবতে চান না পোলার্ড।
তিনি বলেন, "এটা সম্পূর্ণ নতুন একটা সিরিজ। বিশ্বকাপে নানা রকম চাপ থাকে। সে সময় যে কোনো কিছু হতে পারে।"
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পোলার্ডের সময় খুব একটা ভালো কাটছে না। যদিও এ সম্পর্কে জানতে চাইলে উল্টো প্রশ্ন ছুঁড়ে বসেন তিনি। বলেন, "সত্যিই কী ভালো যাচ্ছে না? আমি তো বেশ আত্মবিশ্বাসী। কে বলেতে পারে, হয়তো বাংলাদেশের বিপক্ষে কাল (বৃহস্পতিবার) আমি তিনশ রানও করে ফেলতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯২৫ ঘ.
bdnews24