ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খাটো লেন্থের বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা হবে না বলে মনে করছেন সাকিব আল হাসান।
রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সাকিব বলেন, "আমার মনে হয় না মিরপুরে খাটো লেন্থের বলে খুব একটা সমস্যা হবে। এর আগে আমরা ইংল্যান্ডে গিয়ে খেলেছি। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলেছি। তখন কিন্তু তেমন সমস্যা হয়নি।"
"ব্যাটসম্যানদের কাজ রান করা। আর বোলারদের কাজ রান কম দেয়া। তার সঙ্গে উইকেট পেলে তো কথাই নেই। আমাদের দলের বোলার-ব্যাটসম্যানরা ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে," যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছেন। তাদের মুখোমুখি হওয়া বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে বলেই মনে করেন সাকিব। যদিও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব নেই তার মনে।
তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মুখোমুখি হওয়া সহজ নয় ঠিকই, কিন্তু এই সিরিজে ভালো খেলতে পারলে পরের সিরিজগুলোতে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে ব্যাটসম্যানরা নামতে পারবে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার ব্যাপারে আমাদের ব্যাটসম্যানরাও বেশ আত্মবিশ্বাসী।"
এ ব্যাপারে তার ব্যক্তিগত প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, "প্রস্তুতি যার যার নিজস্ব ব্যাপার। একজন ব্যাটসম্যান কিন্তু তার সমস্যার কথা ঠিকই বুঝতে পারেন।"
ওয়ানডেতে বেশ কিছু সাফল্য থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতা অবাক করার মতো। এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের জয় মাত্র তিনটি। বাকি ১৩টিতেই হার। সর্বশেষ জয় চার বছরেরও বেশি আগে, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে।
মঙ্গলবার মিরপুরে সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই সিরিজের একমাত্র টি-টোয়েন্টির লড়াই। এই লড়াইয়ে সাফল্য পেতে অতীতের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের আলাদা কোনো পরিকল্পনা থাকারই কথা।
এ প্রসঙ্গে সাকিব বলেন, "টি-টোয়েন্টিতে দুর্বলতা কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায় হলো যত বেশি সম্ভব ম্যাচ খেলা। আমরা অনেক দিন পর পর টি-টোয়েন্টি খেলি। তাই এ ধরনের ক্রিকেটের সঙ্গে আমাদের মানিয়ে নেয়া বেশ কঠিন হয়ে পড়ে। প্রত্যেক সিরিজে অন্তত একটা করে টি-টোয়েন্টি খেলতে পারলেও অনেক ভালো হতো।"
মিরপুরের উইকেট নিয়ে অবশ্য বাংলাদেশের সাবেক অধিনায়ক এখনো অন্ধকারে। তিনি বলেন, "উইকেট কেমন হবে জানি না। তবে মিরপুরে রান করা কঠিন। মাঠ বেশ বড় বলে সেখানে চার-ছক্কা পাওয়া বেশ কঠিন।"
"আমার মনে হচ্ছে টি-টোয়েন্টিতে ১৫০ থেকে ১৬০ রানকে বেশ ভালো সংগ্রহ বলা যাবে," যোগ করেন তিনি।
অবশ্য জয়ের জন্য বাংলাদেশকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে বলে মনে করেন সাকিব। অনভিজ্ঞ হলেও ওয়েস্ট ইন্ডিজ দলে কয়েকজন ভালো মানের ব্যাটসম্যান আছে বলেই তার বিশ্বাস।
সাকিব নাকি দেবেন্দ্র বিশু সিরিজে কে বেশি আলো ছড়াবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সিরিজ কার হবে জানি না। তবে দলের জয়ে অবদান রাখতে পারলে ভালো লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৭ঘ.
bdnews24